১৯৬৭ সালের যুদ্ধে কয়েদী হত্যা প্রশ্নে তদন্ত করতে ইসরায়েলের প্রতি মিশরের আহ্বান
মিশরের পররাষ্ট্র মন্ত্রী আহমেদ আবুল ঘেইত ১৯৬৭ সালের আরব - ইসরায়েল যুদ্ধে মিশরীয় কয়েদীদের হত্যার ব্যাপারে তদন্ত চালাতে তেলআবিবের প্রতি আহ্বান জানিয়েছেন। মধ্যপ্রাচ্য সংবাদ সংস্থা (মেনা) মঙ্গলবার একথা জানিয়েছে।
একটি ইসরায়েলি প্রামাণ্যচিত্রে প্রদর্শিত তথ্য অনুসারে মিশরীয়রা এ দাবি জানায়। প্রামাণ্যচিত্রে দেখানো হয়, বর্তমান ইসরায়েলি গণপূর্ত মন্ত্রী বেনইয়ামিন বেন - এলিজারের নেতৃত্বে সিনাই এলাকায় যুদ্ধ চলাকালে ২৫০ জন মিশরীয় কয়েদীকে যুদ্ধবন্দি ক্যাম্পে পাঠানোর পরিবর্তে হত্যা করা হয়।
বেন - এলিজার এ অভিযোগ প্রত্যাখান করে বলেন, নিহতরা ছিল ফিলিস্তিন জঙ্গি যারা মিশরের পক্ষে যুদ্ধ করছিল এবং যুদ্ধক্ষেত্রেই তাদের মৃত্যু হয়।
আবুল ঘেইত জানান, তিনি ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনিকে এ ব্যাপারে একটি তদন্ত করার আহ্বান জানিয়েছেন। প্রাপ্ত তথ্য মিশরকে জানানোরও আহ্বান জানান তিনি। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কর্মকর্তাদের সঙ্গে এক আলোচনায় তিনি এ আহ্বান জানান বলে জানিয়েছে বার্তা সংস্থা মেনা।
আবুল ঘেইতকে উদ্ধৃত করে মেনা জানায়, “আগামী কয়েকদিন মিশর এ ব্যাপারে ইসরায়েলের অবস্থান লক্ষ্য করবে, যদি ইসরায়েল কোনো পদক্ষেপ না নেয় তাহলে বিষয়টি নিয়ে তারা (মিশর) আঞ্চলিক, আন্তর্জাতিক এবং আইনগত পদক্ষেপ গ্রহণ করবে।”
মিশরীয় বার্তা সংস্থা ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীকে লিভনিকে উদ্ধৃত করে জানায়, তিনি প্রামাণ্যচিত্রটি দেখেননি, তবে তিনি জানিয়েছেন ১৯৬৭ সালের যুদ্ধে নিহত মিশরীয় সেনারা যুদ্ধ চলাকালে মারা গেছে।
এদিকে বিতর্ক সৃষ্টিকারী প্রামাণ্যচিত্রটির নির্মাতাও আটককৃত মিশরীয় বন্দিদের গুলি করার বিষয়টি অস্বীকার করে বলেছেন, এ বিষয়টি তার চলচ্চিত্রে আসেইনি।
ইসরায়েল ১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধ চলার সময় সিনাই পর্বতমালা দখল করে। পরে ১৯৭৯ সালে মিশর - ইসরায়েল শান্তিচুক্তি হলে তা মিশরকে ফিরিয়ে দেওয়া হয়।
