বিবিসি’র পর এবার ‘দি সান’ এর ওপর ব্রিটিশ পুলিশের নিষেধাজ্ঞা
প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের রাজনৈতিক তহবিল কেলেঙ্কারি নিয়ে বিবিসির পর এবার জনপ্রিয় ব্রিটিশ ট্যাবলয়েড ‘দি সান’ এর একটি প্রতিবেদন প্রকাশ নিষিদ্ধ করলো ব্রিটিশ পুলিশ। রোববার ওই নিষেধাজ্ঞা জারি করা হয় বলে পত্রিকাটি সোমবার জানিয়েছে। দেখুন যঃঃঢ়://সবফরধ.নফহবংি২৪.পড়স
পুলিশের পক্ষে অ্যাটর্নি জেনারেল লর্ড পিটার গোল্ডস্মিথ রোববার আদালতে ওই নিষেধাজ্ঞার আবেদন জানান। পুলিশি তদন্তের স্বার্থে আদালত পত্রিকাটির নির্দিষ্ট প্রতিবেদন প্রকাশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এর আগে শুক্রবার একই কারণে বিবিসির একটি সংবাদ প্রকাশে একইরকম নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
দি সান জানিয়েছে, ব্লেয়ারের দুই কর্মকর্তার মধ্যে বিনিময় হওয়া একটি ই - মেইল এর বিষয়বস্তু ছিল ওই প্রতিবেদনে। প্রত্রিকাটি জানায়, বিবিসির প্রতিবেদনেরও মূল বিষয় ছিল ওই ই - মেইলটি।
“অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে একজন সরকারি আইনজীবী আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং প্রতিবেদনটি প্রকাশ না করার নিশ্চয়তা চান,” নিষেধাজ্ঞা সম্পর্কে পত্রিকাটি একথা জানায়।
রাজনৈতিক দলের তহবিল সংগ্রহের জন্য বিভিন্ন ব্যক্তিকে ব্রিটেনের লর্ডস সভার সদস্যপদ দেওয়া এবং সরকারের কাছ থেকে মোটা অংকের ঋণ বরাদ্দ দেওয়ার অভিযোগে শ্রমিক দলসহ অন্য রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করে ব্রিটিশ পুলিশ। এ বিষয়ে জড়িত থাকার অভিযোগে প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে দুই দফা জিজ্ঞাসাবাদ করেছে তারা।
