যৌন দাসত্ব বিতর্ক নিয়ে আর ক্ষমা চাইবে না জাপান: প্রধানমন্ত্রী
দ্বিতীয় বিশ্বযুদ্ধে সময় নারীদের জাপানি সেনাদের যৌন দাসত্ব করতে বাধ্য করা নিয়ে সৃষ্ট বিতর্ক নিয়ে নতুন করে ক্ষমা চাইবে না জাপান, বলেছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে। মার্কিন প্রতিনিধি পরিষদে এ সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপনকে কেন্দ্র করে জাপানের প্রধানমন্ত্রী সোমবার একথা বলেন।
ওই ঘটনার জন্য জাপান সরকার ১৯৯৩ সালে একবার ক্ষমা চেয়েছিল।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে উত্থাপিত প্রস্তাবটির ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রী আবে বলেন, “আমাকে বলতে হচ্ছে যে ওই প্রস্তাবটি যদি অনুমোদন করাও হয় তবুও ক্ষমা চাইবো না আমরা।”
শিনজো আবে অবশ্য তার আগের অবস্থান থেকে সরে এসে বলেছেন, এ বিষয়ে জাপান সরকারের ১৯৯৩ সালের ক্ষমা প্রার্থনার সঙ্গে একমত পোষণ করেন তিনি। ফলে নতুন করে আবার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই বলেও তিনি মন্তব্য করেন।
এর আগে বৃহস্পতিবার এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, “সে সময়ে জাপানি সেনাদের বলপ্রয়োগের যে কথা আগে বলা হয়েছে তার কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই।” তবে এ মন্তব্যের পর দক্ষিণ কোরিয়ার কাছ থেকে ব্যাপক সমালোচিত হন তিনি।
তবে সোমবার তিনি বলেন, “বল প্রয়োগের কিছু ঘটনা ঘটে থাকতে পারে হয়তো দালাল শ্রেণীর লোকদের দ্বারা।”
তিনি বলেন, “বিষয়টা এমন না যে মানুেেষর বাড়িঘরে ঢুকে পড়ে অপহরণকারীদের মতো তাদের ধরে নিয়ে আসা হয়েছিল।”
কোরিয়া, চীন, ফিলিপাইনসহ বিভিন্ন দেশের মানবাধিকার সংগঠন এবং নারী আন্দোলন কর্মীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন যে বিশ্বযুদ্ধের সময় প্রতিবেশী দেশগুলোর নারীদেরকে বলপ্রয়োগে যৌন দাসত্বে বাধ্য করেছিল দখলদার জাপানি সেনারা। সে সময় বহু ধর্ষণ, হত্যা ও নির্যাতনসহ বিভিন্ন অঞ্চলে অনেক ক্যাম্প স্থাপন করা হয় এবং নারীদের সেখানে নিয়ে এসে যৌনবৃত্তিতে বাধ্য করা হয়।
এ বিষয়ে ক্ষমা চাওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দীর্ঘ দিনের দাবির পরিপ্রেক্ষিতে ১৯৯৩ সালে সরকারিভাবে ক্ষমা চায় জাপান। কিন্তু জাপান সরকারের ওই বিবৃতিতে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হলেও বলা হয় যে, “যুদ্ধের সময় পতিতালয় স্থাপন এবং ব্যবস্থাপনার কাজে অংশ নিয়েছিল জাপানি সেনাবাহিনী এবং সে সময়ে কিছু বলপ্রয়োগের ঘটনা ঘটে।”
জাপান সরকারের এ বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন মানবাধিকার ও নারী সংগঠন। একে অপমানজনক এবং প্রকৃত ঘটনা আড়াল করে লোক দেখানো ক্ষমা প্রার্থণা বলে অভিহিত করেন অনেকেই।
