জনসংখ্যা হ্রাস ও জ্বালানি সংরক্ষণের ওপর জোর দিচ্ছে চীন
আগামী চার বছর অথনৈতিক প্রবৃদ্ধির হার দুই অঙ্কে রাখার পাশাপাশি উন্নয়নের ধারা বজায় রাখতে চীন ২০০৭ সালে তার জনসংখ্যা হ্রাস এবং জ্বালানি সংরক্ষণ করবে। সোমবার প্রধান মন্ত্রী ওয়েন জিয়াবাও একথা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী তার এক প্রতিবেদনে বলেন, “সাম্য ও ন্যায় বজায় রাখতে হবে এবং সব মানুষকে পুনর্গঠন ও উন্নয়নের সুবিধা মিলেমিশে উপভোগ করার সুযোগ দিতে হবে।”
দেশের প্রান্তীয় অঞ্চলের উন্নয়নের জন্য গ্রামের বিদ্যালয়, হাসপাতাল এবং অর্থনীতির ক্ষেত্রে সামাজিক সাম্য নিশ্চিত করতে চীন ২০০৭ সালে ৩৯ হাজার ১৭০ কোটি ইউয়ান বা ১৫ দশমিক ৩ শতাংশ ব্যয় বাড়াবে।
প্রতিবেদনের বক্তব্যের মূল সুর ছিল, চীনের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হবে এবং উন্নয়নের স্বার্থে উন্নয়ন কার্যক্রম চালাতে হবে।
গত বছর চীন তার লক্ষ্যমাত্রা চার শতাংশের তুলনায় মাত্র এক দশমিক ২৩ শতাংশ গ্রিনহাউজ গ্যাস বায়ুমণ্ডলে নির্গত করে। তবে ২০০৯ সাল নাগাদ তারা গ্রিনহাউজ গ্যাস তৈরিতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
ওয়েন জানান, সরকার চলতি বছর আট শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে। গত বছরের লক্ষ্যমাত্রা একই থাকলেও জিডিপি প্রবৃদ্ধি ছিল ১০ দশমিক সাত শতাংশ।
তিনি স্বীকার করেন, এ বছরের প্রবৃদ্ধিও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে। তবে দক্ষতা বাড়ানো, শক্তির অপচয় রোধ, জনসংখ্যা হ্রাসের প্রতি লক্ষ্য রেখে প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ওয়েনের প্রতিবেদন অনুসারে গত বছরের তুলনায় এ বছর নীতিনির্ধারকরা অনেক বেশি সুবিধাজনক অবস্থানে আছেন।
ওয়েন জানান, সরকার মূলধন ব্যয় ও ব্যাংক ঋণের ওপর শক্ত নিয়ন্ত্রণ বজায় রাখলে বিপর্যয় ঘটার আশঙ্কা অনেকাংশে দূর করা যাবে।
তিনি জানান, রাজস্ব আদায় জোরদার হওয়ায় এ বছর বাজেট ঘাটতির পরিমাণ জিডিপির মাত্র এক দশমিক এক শতাংশ।
গ্রামাঞ্চলে বসবাসরত দেশের ৬০ শতাংশ মানুষের আয় বাড়াতে আরও বেশি ব্যয় বরাদ্দের অঙ্গীকার করেন ওয়েন।
গত বছরগুলোয় প্রান্তীয় অঞ্চলে দুর্নীতির মাধ্যমে জমি দখল, কর্মকর্তাদের দুর্নীতিসহ বিভিন্ন কারণে কৃষক ও সাধারণ মানুষ প্রতিবাদ জানায় এবং বেশ কয়েকটি দাঙ্গা হয়।
পরবর্তী উন্নয়ন পদক্ষেপগুলো নিয়ে ওয়েন কৃষকদের জন্য চিকিৎসা বীমার কথা উল্লেখ করেন এবং তারা যেন সহজে চিকিৎসা সেবা ও ওষুধ পায় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
ওয়েনের প্রতিবেদনে দেশজুড়ে বিদ্যালয়গুলো থেকে বেশিরভাগ ফি তুলে নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
তবে আগামী বুধবার যুক্তরাষ্ট্রের অর্থ সচিব হেনরি পুলসনের বেইজিং সফরের আগে চীনা প্রধানমন্ত্রী জানিয়েছেন, চীন তার রপ্তানিমুখী অর্থনীতির বিপর্যয় চাচ্ছে না, যা তাকে বিশ্বের চতুর্থ অর্থনৈতিক শক্তিতে পরিণত করেছে।
ওয়েন বলেন, “বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধির বর্তমান নীতি আরও দীর্ঘমেয়াদী হবে।”
চীনের পার্লামেন্টে, জাতীয় পিপলস কংগ্রেসে বাৎসরিক প্রতিবেদনে ওয়েন নিশ্চিত করেন, বেইজিং এক লাখ ৭০ হাজার কোটি ডলারের রিজার্ভ বৈদেশিক মুদ্রা বিনিয়োগের ব্যাপারে গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। তবে বিনিয়োগের ব্যাপারে তিনি তথ্য দেননি।
রয়টার্সের বিশেষজ্ঞদের মতে ওয়েনের বক্তব্যে রাজনীতি ও পররাষ্ট্রনীতির ব্যাপারে আলোকপাত করা হয়েছে।
তবে সমুদ্রতীরবর্তী শহরগুলোর সঙ্গে দেশের ভেতরের গ্রামগুলোর বৈষম্য কমিয়ে আনার ব্যাপারে ওয়েনের প্রশাসনিক দক্ষতাকে ছোট করে দেখা হয়েছে প্রতিবেদনে।
পার্লামেন্টের অধিবেশনের শুরুতেই ওয়েনের বক্তব্য শোনার জন্য গ্রেট হল অফ দি পিপলে সমবেত কয়েক হাজার অতিথির সুবিধার্থে সোমবার তিয়েনআমেন স্কোয়ারসহ বিভিন্ন সড়ক ও পুরো বেইজিং শহরজুড়ে ব্যাপক নিরাপত্তা গ্রহণ করা হয়।
