২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন সেনাদের গুলিতে ১৬ বেসামরিক আফগান নিহত

পূর্ব আফগানিস্তানে মার্কিন সেনাদের গুলিতে রোববার নিহত হয়েছেন ১৬ জন বেসামরিক আফগান। সেনাবহর লক্ষ করে একটি আত্মঘাতী গাড়িবোমা হামলার পরপরই মার্কিন বাহিনী ওই অঞ্চলে এলোপাথারি গুলি চালায়। (আরও তথ্যসহ)

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2007, 06:33 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

হতাহতের ওই ঘটনা ঘটে পাকিস্তান সীমান্তবর্তী জালালাবাদ শহরের কাছে।

মার্কিন বাহিনীর বিবৃতিতে বলা হয়, তালেবানরা সেনাদের গাড়ি বহরে গাড়িবোমা হামলা ও গুলি চালায়। তখন সেনারাও আত্মরক্ষায় পাল্টা গুলি ছোড়ে। ওই সময় ১৬ জন নিহত ও ২৪ জন আহত হন।

তবে কাদের গুলিতে বেসামরিক আফগানরা হতাহত হয়েছেন তা মার্কিন বাহিনীর বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়নি।

এর আগে প্রাদেশিক পুলিশের মুখপাত্র আবদুল গফুর প্রাথমিকভাবে আট জনের মৃত্যুর কথা নিশ্চিত করেন। আহতের সংখ্যা ৩০ বলে জানান তিনি।

প্রাদেশিক সরকারের মুখপাত্র নুর আগা বলেন, “ন্যাটোবাহিনীর গাড়িবহর লক্ষ করে আত্মঘাতী গাড়িবোমা হলে সেনারা আত্মরক্ষায় ব্যাপক গুলি চালায়। আর তাতেই ওই হতাহতের ঘটনা ঘটে।” 

এদিকে, শনিবার তালেবান যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে দুই সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ন্যাটো বাহিনী। তবে নিহতদের পরিচয় জানানো হয়নি।