মন্ত্রিসভায় রদবদলের ঘোষণা দিলেন মালিকি
মন্ত্রিসভায় রদবদলের ঘোষণা দিয়েছেন ইরাকি প্রধানমন্ত্রী নুরি আল মালিকি। রোববার এক টিভি সাক্ষাতকারে এ ঘোষণা দেন তিনি। রদবদলের পাশাপাশি মন্ত্রিসভায় কাঠামোগত পরিবর্তনেরও ইঙ্গিত দিয়েছেন ইরাকি প্রধানমন্ত্রী।
নুরি আল মালিকি বলেন,“এ সপ্তাহ কিংবা আগামী সপ্তাহেই পরিবর্তনের কথা জানানো হবে।”
মন্ত্রিসভায় কাঠামোগত পরিবর্তন আনার কথা জানালেও সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। এটাও জানাননি ঠিক কোন কোন মন্ত্রী বাদ পড়বেন।
ইরাকে সেনা সংখ্যা বাড়ানো এবং বাগদাদের নিরাপত্তায় নতুন মার্কিন কৌশলের সঙ্গে তাল মিলিয়ে সামনে এগোনোর চেষ্টা করছেন মালিকি। এ অবস্থায় মন্ত্রিসভায় রদবদলের মাধ্যমে নতুন রাজনৈতিক সমঝোতার চেষ্টা করতে পারেন তিনি।
মালিকির বর্তমান মন্ত্রিসভায় শিয়ারা সংখ্যাগরিষ্ঠ হলেও সুন্নি ও কুর্দি সদস্যরাও রয়েছেন। মন্ত্রীদের দুর্নীতি ও অদক্ষতার অভিযোগে দীর্ঘদিন ধরেই রদবদল আশা করা হচ্ছিল। এর আগে নভেম্বর মাসে মালিকি সতর্ক করে দিয়ে বলেছিলেন, “কেউ দায়িত্ব পালনে ব্যর্থ হলে তাকে অপসারণ করা হবে এবং প্রয়োজনে বড় ধরনের পরিবর্তন আনা হবে মন্ত্রিসভায়।”
তখন, পার্লামেন্টে রাজনৈতিক দলগুলোর সংখ্যাগরিষ্ঠতার বিবেচনায় মন্ত্রিসভায় ‘দলীয় কোটা’ বরাদ্দের পরিবর্তে যোগ্যতা বিবেচনা করে মন্ত্রিত্বের পদ দেওয়ার সম্ভাবনার কথা বলেছিলেন মালিকি। তিনি বলেছিলেন, দলীয় পরিচয় এবং অবস্থান নয় বরং দায়িত্ব পালনে ওই ব্যক্তির যোগ্যতা আছে কিনা সেটাই বিচার করা হবে।
এদিকে, গোষ্ঠীগত সহিংসতা কমাতে কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হলে মালিকির সরকার পতনের মুখে পড়তে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন শিয়া কর্মকর্তারা।
