২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে রাজনৈতিক ও অর্থনৈতিক সঙ্কট ঘনীভূত হওয়ার আশঙ্কা

থাইল্যান্ডে রাজনৈতিক অস্থিরতা জুন মাস নাগাদ আরও বাড়তে পারে। এর ফলে বছরের শেষ ভাগে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার সফল হবে কি না, তা নিয়েও সংশয় দেখা দিয়েছে। বলেছেন দেশটির শীষস্থানীয় রাজনৈতিক বিশ্লেষক সুপাভাদ সাইচিউয়া।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2007, 04:57 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান ‘ফাত্রা সিকিউরিটিজ’ এর মুখ্য গবেষক ও মহাপরিচালক সুপাভাড বলেন, “দেশ যেভাবে চলছে, তাতে বছরের দ্বিতীয়ভাগে আরও অরাজকতার মধ্যে পড়ে যাব আমরা। সরকার যদি রুগ্ণ অর্থনীতি সবল করতে ব্যর্থ হয়, তাহলে যে কোনো কিছু ঘটতে পারে।”

রক্তপাতহীন সামরিক অভুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখলের পর গত বছরের অক্টোবরে অন্তর্বর্তী সরকার গঠন করেন সর্যুদ চুলানন্ত। এর পর থেকেই অর্থনৈতিক খাতে কিছু ভুল পদক্ষেপ নিয়েছে দেশটির সামরিক সরকার। ফলে পুঁজি বাজারে বিনিয়োগ কমেছে।

এর পাশাপাশি গত সপ্তাহে অর্থমন্ত্রী প্রিদিয়াথর্ন দেবাকুলার হঠাৎ পদত্যাগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এ থেকে চরম রাজনৈতিক সঙ্কট সৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

বলা হচ্ছে, অর্থনৈতিক অস্থিরতা এবং দেশটির উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে প্রচণ্ড খরা ও অনাবৃষ্টির হাতছানি থাইল্যান্ডকে এপ্রিল-জুনে মারাত্মক সঙ্কটের ভেতর ঠেলে দিতে পারে।

সুপাভাদ বলেন, “এমন অবস্থা তৈরি হলে যদি সময়মতো প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী উপদ্রুত অঞ্চলে পাঠানো না যায়, তাহলে অভাবের তাড়নায় সবাই রাজধানীর দিকে ছুটবে।”

এর পাশাপাশি সামরিক বাহিনীর রাজনৈতিক উচ্চাভিলাষ জনগণ কিভাবে গ্রহণ করবে তাও বিবেচ্য বিষয় বলে মনে করেন সুপাভাদ।

প্রচার মাধ্যমগুলো গত সপ্তাহে জানায়, প্রাদেশিক উপ গভর্নরের পদগুলোতে সেনা কর্মকর্তাদের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নিরাপত্তা কাউন্সিল। থাকসিন সিনাওয়াত্রাকে উৎখাতের পর গঠন করা হয় এ কাউন্সিল।

সুপাভাদের মতে, এটা স্পষ্ট যে শুধু নিরাপত্তা নয়, সার্বিক ভাবেই রাষ্ট্রের ওপর নিয়ন্ত্রণ পাকাপোক্ত করতে চায় সেনাবাহিনী।