২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাটো বাহিনীর গুলিতে ৮ বেসামরিক আফগান নিহত

পূর্ব আফগানিস্তানে ন্যাটো বাহিনীর গুলিতে রোববার নিহত হয়েছেন আটজন বেসামরিক আফগান। সেনাবহর লক্ষ করে একটি আত্মঘাতী গাড়িবোমা হামলার পরপরই ন্যাটো বাহিনী ওই অঞ্চলে এলোপাথারি গুলি চালায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2007, 02:56 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

হতাহতের ওই ঘটনা ঘটে পাকিস্তান সীমান্তবর্তী জালালাবাদ শহরের কাছে। পুলিশের মুখপাত্র আবদুল গফুর জানান, প্রাথমিকভাবে আট জনের মৃত্যুর কথা নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন আরও কয়েকজন।

প্রাদেশিক সরকারের মুখপাত্র নুর আগা বলেন, “ন্যাটোবাহিনীর গাড়িবহর লক্ষ করে আত্মঘাতী গাড়িবোমা হলে সেনারা আত্মরক্ষায় ব্যাপক গুলি চালায়। আর তাতেই ওই হতাহতের ঘটনা ঘটে।” 

এদিকে, শনিবার তালেবান যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে দুই সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ন্যাটো বাহিনী। তবে নিহতদের পরিচয় জানানো হয়নি।