সামরিক ব্যয় ১৭ শতাংশ বাড়াচ্ছে চীন
২০০৭ সালে প্রতিরক্ষা খাতে বরাদ্দ ১৭ দশমিক ৮ শতাংশ বাড়াচ্ছে চীন। দেশটির ন্যাশনাল পিপলস কংগ্রেসের মুখপাত্র জিয়াং এনজু রোববার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
জিয়াং এনজু জানান, সামরিক বাহিনীর আধুনিকায়নে বিশেষ করে ক্ষেপণাস্ত্র ও ট্যাংক সংখ্যা বাড়ানোতে ব্যয় হবে বরাদ্দকৃত অর্থের বেশিরভাগ। এছাড়া সামরিক বাহিনীর জন্য বেশ কিছু ভবন নির্মাণের পরিকল্পনাও রয়েছে। সব মিলিয়ে সামরিক খাতে বরাদ্দ প্রায় ৪ হাজার ৫ শ কোটি ডলারে গিয়ে ঠেকবে বলে জানান তিনি। ২০০৬ সালে এ খাতে বরাদ্দ ছিল ৩ হাজার ৬ শ কোটি ডলার।
জিয়াং বলেন, “সামরিক ও অর্থনৈতিক খাতের সুষম উন্নয়নে গুরুত্ব দিয়ে আসছে চীন। আর সেটা বিবেচনায় রেখেই এ অর্থ বরাদ্দ করা হচ্ছে।”
তিনি আরও জানান, প্রতিরক্ষা খাতে এ বরাদ্দ মোট বাজেটের সাড়ে সাত ভাগ।
সোমবারই বসছে চীনের পার্লামেন্টের বাৎসরিক অধিবেশন। তার ঠিক একদিন আগেই সামরিক খাতে বরাদ্দ বৃদ্ধির কথা জানানো হল।
এদিকে চীনের প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধিকে সুনজরে দেখছে না যুক্তরাষ্ট্র। এ নিয়ে সম্প্রতি বাদানুবাদেও লিপ্ত হয় দেশ দুটি।
