২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

"পরমাণু কর্মসূচি বন্ধে উত্তর কোরিয়া সম্পূর্ণ প্রস্তুত"

পরমাণু স্থাপনায় কার্যক্রম বন্ধ এবং সেখানে পরিদর্শনের অনুমতি দিতে উত্তর কোরিয়া পুরোপুরি প্রস্তুত রয়েছে। এ কথা জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার মুখ্য পরমাণু আলোচক চুন ইয়ং য়ু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2007, 02:24 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

পিয়ংইয়ং ও ওয়াশিংটনের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রে যখন আলোচনায় বসতে যাচ্ছে ঠিক তখনই এ কথা জানালেন দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি।

ছয় জাতি আলোচনায় উত্তর কোরিয়ার প্রতিনিধি ও উপ পররাষ্ট্রমন্ত্রী কিম কাই ওয়ানের সঙ্গে শনিবার নিউ ইয়র্কে সাক্ষাৎ করেন চুন ইয়ং। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “পরমাণু কর্মসূচি বন্ধে প্রাথমিক পদক্ষেপ গ্রহণে উত্তর কোরিয়া যে পুরোপুরি প্রস্তুত, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এ বিষয়ে তারা আন্তরিকও।”

উত্তর কোরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী কিম কাই ওয়ান বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র পৌঁছান। ২০০০ সালে সেনা কর্মকর্তা ও কিম জং-ইলের প্রতিনিধি জো মিয়ং রকের সফরের পর যুক্তরাষ্ট্রে এটাই পিয়ংইয়ংয়ের কোনো কর্মকর্তার প্রথম সফর।

সোমবার যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ও ছয় জাতি আলোচনায় অংশগ্রহণকারী ক্রিস্টোফার হিলের সঙ্গে কিমের বৈঠকের কথা রয়েছে।

এদিকে একই সময়ে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী সং মিং-সুনও। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন সে দেশের মুখ্য পরমাণু আলোচক চুন ইয়ং য়ু।