জীবাশ্ম জ্বলানির ওপর নির্ভরতা কমাতে জৈবজ্বালানির বাজার সৃষ্টির ঘোষণা যুক্তরাষ্ট্র, চীন ভারতের
জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে জৈব জ্বালানির উৎপাদন বাড়ানো ও এর বাজার তৈরির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও ভারত। তারা বলছে, এর ফলে পৃথিবীতে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমবে।
জৈব জ্বালানির উৎস হচ্ছে আখ, গম, যবসহ নানাবিধ শস্য। এর মধ্যে ব্রাজিল আখ থেকে সর্বাধিক ইথানল তৈরি করে থাকে। আর ইথানল উৎপাদনে যুক্তরাষ্ট্র ব্যবহার করে শস্য। তবে আখ থেকে ইথানল উৎপাদন অন্য শস্য থেকে সাশ্রয়ী। আর তাই ইথানল তৈরিতে ব্রাজিল বিশ্বে প্রথম।
তবে যুক্তরাষ্ট্রে জৈবজ্বালানির উচ্চ আমদানি শুল্ক নিয়ে সরব হয়েছে ব্রাজিল। যুক্তরাষ্ট্র তার দেশে ইথানল আমদানিতে শুল্ক বাড়ানোয় উৎপাদনকারী অন্য দেশগুলো, বিশেষ করে ব্রাজিলের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। গত ডিসেম্বরে মার্কিন কংগ্রেস ইথানলের আমদানি শুল্ক বাড়য়ে ৫৪ শতাংশ নির্ধারণ করে।
জাতিসংঘে ব্রাজিলের রাষ্ট্রদূত আন্তোনিও প্যাট্রিয়টা শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, “যুক্তরাষ্ট্রের উচ্চ আমদানি শুল্কের বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট লুলা ডা সিলভা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করবেন।”
প্রেসিডেন্ট বুশ এ সপ্তাহেই ব্রাজিল সফরে যাচ্ছেন।
ইথানলের উৎপাদন বাড়ানো হলেও শুল্ক কমানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী টন শ্যানন। তবে তিনি বলেন, “সম্ভাবনাময় এ শিল্পের বিকাশে কৃষিপ্রধান দেশগুলোকে সহায়তার বিষয়টি বিবেচনা করা যায়।”
জাতিসংঘে চীনের উপ রাষ্ট্রদূত লিউ জেমিন বলেন, “জ্বালানি কাঠামোয় বৈচিত্র্য আনার কথা ভাবছে চীন। তাই ইথানলের শিল্পোৎপাদনে এ মাসেই পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করা হচ্ছে।”
সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে জৈব জ্বালানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী লিউ জেমিন। এর ফলে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা অনেকাংশ কমবে বলেও আশাবাদী তিনি।
বিশ্ববাজারে গমের উচ্চ মূল্যের কারণে গত বছর পর্যন্ত ইথানল উৎপাদন বন্ধ রেখেছিল চীন।
এদিকে, শুল্ক নিয়ে জৈবজ্বালানির বৃহত্তম দুই উৎপাদক রাষ্ট্র যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের মতানৈক্যের কারণে এর বাজার তৈরির বিষয়টি নিয়ে এখনই এগুতে চাইছে না আন্তর্জাতিক জৈবজ্বালানি ফোরাম। ব্রাজিল ছাড়াও এই ফোরামে রয়েছে দক্ষিণ আফ্রিকা ও ইউরোপীয় কমিশন (ইসি)।
