২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ইরাকে গিয়েও হামলা চালায় তালেবানরা'

শুধু আফগানিস্তান নয় ইরাকেও সক্রিয় রয়েছে তালেবানরা। সুযোগ পেলেই আফগানিস্তান থেকে ইরাক গিয়ে তারা মার্কিন সেনাদের ওপর হামলা চালায়। আর অন্য যেকোনো সময়ের চেয়ে এ তৎপরতা এখন বেশি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2007, 02:58 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

এ সব তথ্য দিয়েছেন শীর্ষস্থানীয় তালেবান নেতা মোল্লা দাদুল্লাহ। শুক্রবার তার একটি সাক্ষাৎকার প্রচার করে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা।

আরবি ভাষায় দেওয়া ওই সাক্ষাৎকারে তালেবান নেতা বলেন, “ইরাকি মুজাহিদদের সঙ্গে আমাদের রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। আমাদের বাহিনীর সদস্যরা সেখানে গিয়ে থাকে। তারাও এখানে আসে। এই তৎপরতা এখন বেশ জোরদার। যখনই আমাদের কেউ যদি ইরাক গিয়ে হামলা চালাতে চায়, সে চলে যায়।”

আল কায়দার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনের অবস্থান সম্পর্কে নিজের অজ্ঞতা প্রকাশ করেন দাদুল্লাহ। তবে তিনি বলেন, “তিনি কোথায় আছেন, সেটা না জানলেও এটা জানি তিনি জীবিত। এ জন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। তিনি গোপন স্থান থেকেই প্রয়োজনীয় নির্দেশ এবং বিজয়ের সংবাদ আমাদের কাছে পৌঁছে দেন।” 

শীত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আফগানিস্তানে বিদেশি সেনাদের ওপর আক্রমণ তীব্র করার হুমকি দেন তালেবান নেতা। তিনি জানান, হামলার জন্য তাদের ছয় হাজার যোদ্ধা প্রস্তুত রয়েছে। যোদ্ধার সংখ্যা ক্রমেই বাড়ছে। এ সংখ্যা ২০ হাজারে গিয়ে ঠেকতে পারে বলে তার ধারণা।

তিনি আরও জানান, তালেবানদের জন্য অস্ত্র আসে। তবে কোথা থেকে এ অস্ত্র আসে সে বিষয়ে নীরব থাকেন তিনি। একই সঙ্গে তালেবান নেতা জানান, প্রয়োজনীয় মুহূর্তে অস্ত্র তৈরির সক্ষমতাও তাদের রয়েছে।

মোল্লা দাদুল্লাহ হুঁশিয়ার করে দিয়ে বলেন, “পাঁচ বছর আগের তালেবান, আর বর্তমান তালেবান এক নয়।”

টেলিভিশনের ছবিতে দেখা যায় সাক্ষাৎকারটি ঘরের বাইরে নেওয়া হয়েছে। এ সময় মোল্লা দাদুল্লাহকে ঘিরে সশস্ত্র তালেবান যোদ্ধাদের দেখা যায়।

ধারণা করা হচ্ছে, পাকিস্তানে তালেবানদের তিন শীর্ষ নেতার অন্যতম মোল্লা ওবায়েদউল্লাহ আখন্দ গ্রেফতার হওয়ার আগে সাক্ষাৎকারটি ধারণ করা হয়।