২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক যুদ্ধের তহবিল আদায়ে মরিয়া বুশ

ইরাকে যুদ্ধরত মার্কিন সেনাদের জীবন হুমকির মুখে এবং তাদের জন্য মার্কিন কংগ্রেসের সমর্থন অত্যন্ত জরুরি। ইরাক যুদ্ধের জন্য তহবিল যোগাতে রিপাবলিকান দলের এক নির্বাচনী সভায় শুক্রবার একথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2007, 02:05 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

গত নভেম্বরে কংগ্রেসে রিপাবলিকানদের ক্ষমতা হারানোর পর যুদ্ধের তহবিল নিয়ে মরিয়া হয়ে উঠছেন বুশ। যুদ্ধের তহবিল বাড়াতে ডেমোক্রেট দল নিয়ন্ত্রিত কংগ্রেসকে অব্যাহতভাবে চাপ দিয়ে যাচ্ছেন তিনি।

বুশ বলেন, “বাগদাদের নিরাপত্তা রক্ষায় এবং এ দেশকে নিরাপদ করায় নিয়োজিত সামরিক পোশাক পরা আমাদের নারী - পুরুষদের জীবন এখন হুমকির মুখে। যুক্তরাষ্ট্র কংগ্রেসের সমর্থন তাদের প্রয়োজন।”

ইরাকে লড়াই চালিয়ে গিয়ে যুদ্ধ জয়ের একরোখা পথ ছেড়ে প্রেসিডেন্ট বুশ এখন অনেকটাই নমনীয় কৌশল গ্রহণ করেছেন বলে মনে হচ্ছে। তিনি এখন বলছেন, নিজের নতুন ইরাক পরিকল্পনা সফল করতে সময় প্রয়োজন তার।

ডেমোক্রেটদের উদ্দেশ্যে বুশ বলেন, “আমার সিদ্ধান্তের সঙ্গে সিনেটররা দ্বিমত পোষণ করছেন কি না সেটা কোনো বিষয় নয়, যুক্তরাষ্ট্রের পোশাক পরা মানুষদের (ইরাকে মার্কিন সেনাদের) রক্ষা করার দায়িত্ব আছে তাদের প্রত্যেকেরই এবং মাতৃভূমিকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় নমনীয় অবস্থান নিশ্চিত করাটাও জরুরি।”

বুশ অভিযোগ করে বলেন, ইরাকে যুক্তরাষ্ট্রের শীর্ষ কমান্ডার হিসেবে জেনারেল ডেভিড পেত্রাউসকে নিয়োগে সিনেটের চূড়ান্ত অনুমোদন দেওয়া এবং সেখানে সেনা বাড়ানোর বিরুদ্ধে ভোট দেওয়া অবশ্যই স্ববিরোধিতা।

ইরাক ও আফগানিস্তানে মার্কিন সেনাদের জন্য প্রস্তাবিত ১০ হাজার কোটি ডলারের তহবিল বরাদ্দ নিয়ে কংগ্রেসে বিতর্ক অনুষ্ঠিত হবে এ মাসেই।