২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনের নতুন মন্ত্রিসভা ঘোষণায় আরও সময় চেয়েছে হামাস - ফাতাহ

ফিলিস্তিন ঐকমত্যের নতুন সরকারের মন্ত্রিসভার নাম ঘোষণায় আরও সময় চেয়েছে প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার নেতৃত্বাধীন হামাস এবং প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ দল। শুক্রবার মন্ত্রিসভার নাম ঘোষণার কথা থাকলেও এজন্য আরও সময় প্রয়োজন বলে এক বিবৃতিতে জানায় তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2007, 06:04 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

নতুন কোনো সময়সীমা না জানালেও যতো দ্রুত সম্ভব মন্ত্রিসভা চূড়ান্ত করতে হামাস ও ফাতাহ একমত বলেও জানানো হয় বিবৃতিতে। এদিকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে আব্বাস ও হানিয়ার মধ্যে শনিবার এক বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে।

দুই নেতার শনিবারের বৈঠকের আগেই দলীয় প্রার্থীদের নাম জমা দেওয়ার জন্যও আহ্বান জানিয়েছেন হামাস প্রধান হানিয়া।

তবে প্রধানমন্ত্রীর কর্মকর্তা গাজী হামাদ বলেছেন, “আমার মনে হয়, শনিবারের পরিবর্তে সম্ভবত রোববার দিন ওই বৈঠকে বসবেন আব্বাস ও হানিয়া।”

তিনি বলেন, “মন্ত্রিসভার বিভিন্ন দপ্তর বণ্টন ও নাম চূড়ান্ত করার বিষয়ে হামাস ও ফাতাহ উভয়ই উদ্যমী এবং আগামী দুদিনের মধ্যেই তারা তা করতে পারেন।”

এদিকে ফাতাহর এক মুখপাত্র জানিয়েছেন, তার দলের প্রার্থী তালিকা প্রস্তুত আছে এবং আব্বাস গাজায় ফিরে এলেই তা চূড়ান্ত করা হবে।

হামাস ফাতাহ দুটি দলের কেউই এখন পর্যন্ত মন্ত্রিসভায় তাদের সম্ভাব্য প্রতিনিধিদের কারও নাম প্রকাশ করেনি। তবে অর্থমন্ত্রীর পদে মার্কিন ঘেঁষা সালাম ফাইয়াদের বিষয়ে দুটি দলই একমত হয়েছে।