সোমালিয়াকে শান্তির পথে ফিরিয়ে আনার এখনি সময়: জাতিসংঘ
গৃহযুদ্ধ ও সংঘাত কবলিত সোমালিয়ায় শান্তি ফিরিয়ে আনার যথার্থ সময় এখনই- বলেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয়কারী এরিক লারোচে। তবে তার মতে, দেশটিতে কমপক্ষে আট হাজার শান্তিরক্ষীসহ অন্যান্য সহযোগিতা পাঠানো দরকার।
বৃহস্পতিবার জাতিসংঘ সদর দফতরে সংবাদ সম্মেলনে এরিক লারোচে বলেন, “দীর্ঘস্থায়ী যুদ্ধ, অর্ন্তদ্বন্দ্ব ও রক্তপাতে ক্লান্ত, বিধ্বস্ত সোমালিয়ার জনগণ আর যুদ্ধ চায় না। যুদ্ধবাজ নেতাদের বদলে অন্তর্বর্তী সরকারকেই সমর্থন করছে তারা। আমার বিশ্বাস, দেশটিকে শান্তির পথে আনার উপযুক্ত সময় এখনই।”
তবে দেশটিতে পূর্ণ স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আরও শান্তিরক্ষী মোতায়েনের ওপর জোর দেন লারোচে। বিকল্প না হলে ইথিওপীয় সেনা প্রত্যাহারেরও বিরোধী তিনি।
তিনি বলেন, “হাজার চারেক সেনা দিয়ে কিছুই হবে না। আমাদের অন্তত আট হাজার সেনা দরকার। আর সেজন্য প্রথমে জানা প্রয়োজন সোমালিয়ায় শান্তি প্রতিষ্ঠায় আমরা আসলেই আগ্রহী কিনা। সেখানে আরও সেনার জন্য প্রয়োজনীয় অর্থ ব্যয়ে আমরা কি প্রস্তুত?”
সোমালিয়ার বিভিন্ন স্থানে এখনও রকেট হামলা হচ্ছে, এটা স্বীকার করেন লারোচে। তবে বলেন, “এর মানে এই নয় যে সেখানে কোনো কাজই হচ্ছে না। আর বর্তমান অবস্থায় যদি সমস্যার সমাধান না হয়, তাহলে আমরা সেখানে আবারও ১৫ বছর পিছিয়ে যাব।”
১৯৯১ সালে স্বৈরশাসক মুহাম্মদ সিয়াদ বারের পতনের পর থেকে কার্যত কোনো নিয়মতান্ত্রিক সরকার ব্যবস্থা চালু নেই উত্তরপূর্ব আফ্রিকার এই দেশটিতে।
তিন মাস আগে ইথিওপিয়ার সহযোগিতায় অন্তর্বর্তী সরকার ফেডারেল ‘ইউনিয়ন অব ইসলামিক কোর্টস’কে ক্ষমতা থেকে উচ্ছেদ করে। ইসলামিক কোর্টস অন্তর্বর্তী সরকারের কাছ থেকে রাজধানী মোগাদিসু দখল করে নিয়েছিল।
