২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবানদের শীর্ষ তিন নেতার একজন পাকিস্তানে গ্রেফতার

তালেবানদের শীর্ষ তিন নেতার একজনকে গ্রেফতার করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির পাকিস্তান সফর শেষের কয়েক ঘণ্টার মধ্যেই তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন শীর্ষস্থানীয় এক পাকিস্তানি কর্মকর্তা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2007, 11:35 AM

Updated : 26 Apr 2022, 02:05 PM

খবরটি শুক্রবার সে দেশের পত্র পত্রিকায় ছাপা হলেও সরকার কিংবা সেনাবাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে এ গ্রেফতারের কথা স্বীকার করেছে তালেবান বাহিনী।

সূত্র জানায়, গ্রেফতারকৃত মোল্লা ওবায়েদউল্লাহ আখন্দ তালেবানদের ১০ সদস্যের শূরা কাউন্সিলের তৃতীয় সদস্য। সোমবার কোয়েটা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন এক জন সরকারি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে আখন্দের গ্রেফতারের খবর প্রকাশ করে। “মোল্লা ওমরের শীর্ষ সহযোগী গ্রেফতার”- এরকমই শিরোনাম ছাপায় তারা। খবরে বলা হয়, ওবায়েদউল্লাহ গ্রেফতার নিরাপত্তা বাহিনীর পরিকল্পিত অভিযানের ফসল। তবে ডিক চেনির সফর ঘিরে বিশেষ কোনো অভিযান সেটি ছিল না।

পাকিস্তানের মাটিতে গ্রেফতারকৃতদের মধ্যে ওবায়েদউল্লাহই সবচেয়ে প্রভাবশালী নেতা। আফগানিস্তানে তালেবান শাসন আমলে প্রতিরক্ষামন্ত্রী ছিলেন তিনি।

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে সরকার ও সেনাবাহিনীর মুখপাত্ররা শুক্রবার রয়টার্সের কাছে আখন্দের গ্রেফতারের কথা স্বীকার কিংবা এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। 

এ দিকে আখন্দের গ্রেফতারের কথা স্বীকার করেছে তালেবান বাহিনী। অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে তালেবানদের একটি সূত্র জানায়, বেলুচিস্তানের রাজধানীতে মোল্লা ওবায়েদউল্লাহ আখন্দ দুই সহযাগীসহ ধরা পড়েন।

তবে মোল্লা ওবায়েদউল্লাহর আরও দুই সহযোগীর গ্রেফতারের বিষয়টি নিরাপত্তা বাহিনীর কোনো সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি।