২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হামদানিয়া হত্যাকাণ্ডের দায়ে মার্কিন মেরিন সেনা অভিযুক্ত

ইরাকের হামদানিয়ায় ৫২ বছরের এক ব্যক্তিকে অপহরণ ও হত্যার ঘটনায় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের এক মেরিন সেনার বিরুদ্ধে ষড়যন্ত্র ও হত্যাসহ ছয়টি অভিযোগে চার্জ গঠন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2007, 04:46 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

ল্যান্স কর্পোরাল ট্রেন্ট থমাসকে (২৫) এ নিয়ে দ্বিতীয় বারের মতো অভিযুক্ত করা হলো। এর আগে একবার অপরাধ স্বীকার করে জবানবন্দি দিলেও পরে সেই স্বীকারোক্তি ফিরিয়ে নেন থমাস।

আসামী পক্ষের আইনজীবী ভিক্টর ক্যালি জানান, থমাস তার অভিযোগের বিরুদ্ধে লড়াই করবেন, কারণ তার সহযোগী সেনাদের নির্দেশ মতো কাজ করেছে সে।

২০০৬ সালের এপ্রিল মাসের ওই ঘটনায় ইরাকের সাবেক পুলিশ কর্মকর্তা হাসিম ইব্রাহিম আওয়াদকে হত্যার দায়ে সাত ইউএস মেরিন ও এক নেভি সেনার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

আসামীদের স্বীকারোক্তি অনুসারে জানা যায় আওয়াদকে তার বাসা থেকে ডেকে এনে গুলি করে হত্যা করা হয়। পরে ঘটনা ধামাচাপা দিতে রাস্তার পাশে একটি বোমা পুঁতে রেখে একটি বন্দুকসহ তার গুলিবিদ্ধ লাশ সেখানে ফেলে রাখা হয়। সাজানো ছক অনুসারে অভিযুক্ত সেনারা প্রথমে দাবি করেছিল যে বোমা পুঁতে রাখার সময় তাকে গুলি করে হত্যা করে তারা।

কিন্তু আওয়াদের পরিবার ঘটনাটি গ্রাম প্রধানের কাছে জানালে তিনি মেরিন কোরের কাছে অভিযোগ করেন এবং ঘটনার তদন্ত শুরু হয়।

অভিযুক্ত আট সেনার মধ্যে পাঁচ আসামী তাদের অপরাধ স্বীকার করলে বিচার কাজে সহযোগিতা করায় তাদের সাজা কমানোর জন্য আবেদন জানানো হয় এবং সাজা কমিয়ে দেওয়া হয়।

কর্পোরাল থমাসের আইনজীবী বৃহস্পতিবার আদালতে আপিল করার সুযোগ চেয়ে আবেদন করেন। শুক্রবার মামলাটি শেষ হবার কথা।