প্রতিরক্ষা খরচা প্রশ্নে যুক্তরাষ্ট্রের আচরণ অসভ্যের মত: চীন
চীনের প্রতিরক্ষা খাতের খরচ নিয়ে যুক্তরাষ্ট্রের আচরণকে অসভ্যের মত বলে মন্তব্য করেছে বেইজিং। মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি তার সাম্প্রতিক এশিয়া সফরের সময় প্রতিরক্ষা খাতে চীনের খরচ নিয়ে উদ্বেগ প্রকাশ করার জবাবে সেদেশের পররাষ্ট্র দপ্তর এমন মন্তব্য করলো। দেখুন যঃঃঢ়://সবফরধ.নফহবংি২৪.পড়স
চীনা পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র কুইন গ্যাং চেনির এসব সমালোচনা নাকচ করে বৃহস্পতিবার বলেন, “কেউ যদি সবসময় আপনার কাপড় ধরে টানাটানি করতে থাকে, এমনকি এক সময় অন্তর্বাস খুলে দেখতে চায় ভেতরে কী আছে, তাহলে আপনার কেমন লাগবে? আপনি কি তখন পুলিশকে ডাকবে চাইবেন?”
চীন সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা খাতে খরচ বাড়িয়েছে। আগামী সপ্তাহে পার্লামেন্ট আহ্বান করার পর আরেক দফা খরচ বাড়ানোর পরিকল্পনায় অনুমোদন নেওয়ার সম্ভাবনা রয়েছে তাদের।
গত বছর চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস প্রতিরক্ষা বাজেটে আগের বছরের তুলনায় ১৪ দশমিক ৭০ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয়। এর পরিমাণ দাঁড়ায় তিন হাজার ৬৬০ কোটি ডলার।
তবে পররাষ্ট্র বিশেষজ্ঞরা বলছেন, বাস্তবে চীনের প্রতিরক্ষা বাজেট এর তিনগুণ পর্যন্ত হতে পারে। আর চীনের প্রতিরক্ষা বাজেট উত্তরোত্তর বাড়ানোয় উদ্বেগ প্রকাশ করছে যুক্তরাষ্ট্র।
তবে যুক্তরাষ্ট্রের উদ্বেগকে অমূলক হিসেবে আখ্যা দিয়ে কুইন গ্যাং বলেন, “চীন নিজের সার্বভৌমত্ব, নিরাপত্তা, অখণ্ড ভূখণ্ড ও জাতীয় ঐক্য বজায় রাখার স্বার্থে প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করছে মাত্র। আমাদের এই প্রচেষ্টার উদ্দেশ্য অন্য দেশের বিরুদ্ধে আগ্রাসী মনোভাব পোষণ নয়।”
গ্যাং চীনকে একজন শান্তিপ্রিয় প্রতিবেশী দেশ হিসেবেও আখ্যায়িত করেন।
