ইরানের ওপর দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা আরোপ প্রশ্নে আলোচনায় অগ্রগতির দাবি
লন্ডন বৈঠকে ইরানের ওপর দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে বৃহস্পতিবারের আলোচনায় যথেষ্ট অগ্রগতি হয়েছে- জানিয়েছেন এক মার্কিন শীর্ষ কর্মকর্তা। পাশাপাশি দেশটির ওপর এই নতুন নিষেধাজ্ঞা কার্যকরে আগামী সপ্তাহের ভেতরেই একটি আনুষ্ঠানিক প্রস্তাবের খসড়া রচনা শুরু করার বিষয়ে একমত হয়েছে জার্মানিসহ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী দেশ- এ কথাও জানান তিনি। ইরানের ওপর দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব নিয়ে গত সোমবার শুরু হয়েছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী দেশ যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন ও ফ্রান্স এবং জার্মানির লন্ডন বৈঠক ।
বৈঠকের ধারাবহিকতায় ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপে চুড়ান্ত খসড়া প্রস্তাব রচনার প্রস্তুতির কথা জানান নামপ্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা।
তিনি আরও জানান, ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ বিষয়ক চূড়ান্ত খসড়া প্রস্তাবটি প্রস্তুতে আগামী শনিবার ছয়টি দেশের প্রতিনিধিরা টেলিফোনে আলোচনা করবেন।
তিনি বলেন, “আমরা প্রস্তাবটি নিয়ে আলোচনা করছি... এ সম্পর্কিত মতবিরোধ প্রায় মিটিয়ে ফেলার আশা করছি আমরা। তবে কিছু বিষয়ে মতানৈক্য রয়ে গেছে যা শনিবার সকালে টেলিফোনে আমরা আবারও আলোচনা করব।”
উল্লেখ্য, ইরান নিরাপত্তা পরিষদের দাবি অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ না করলেও রাশিয়া ও চীন দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিরোধী।
শনিবার খসড়া প্রস্তাবে মতৈক্যে পৌঁছানোর পর প্রস্তাবটির চুড়ান্ত খসড়া প্রস্তুতে হাত দেবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
এর আগে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক কূটনীতিবিদ অবশ্য বলেন, ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত প্রস্তাবটি চূড়ান্ত হওয়ার ধারেকাছেও এখনও পৌঁছেনি এবং এটি নিরাপত্তা পরিষদে যেতে আরও দুই/তিন সপ্তাহ সময় লাগবে।
এদিকে পরমাণু কার্যক্রম সংক্রান্ত অচলাবস্থা নিরসনে বিশ্বশক্তিগুলোর সঙ্গে আলোচনায় বসতে রাজি ইরান- বৃহস্পতিবার জানিয়েছেন স্পেন সফররত দেশটির পররাষ্ট্রমন্ত্রী মনুশেহর মোত্তাকি। তবে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু কার্যক্রম পরিচালনায় ইরানের অধিকার মেনে নিলেই কেবল এই আলোচনায় বসা সম্ভব বলে তিনি জানান।
অন্যদিকে, পরমাণু কার্যক্রম পরিচালনার মাধ্যমে ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে- যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব সবসময়ই এই অভিযোগ করে আসছে।
