সাবেক ইন্দোনেশীয় মন্ত্রীকে গ্রেপ্তারের আদেশ দিয়েছে অস্ট্রেলীয় আদালত
ইন্দোনেশিয়ার এক বর্ষীয়ান আইনপ্রণেতা ও সাবেক মন্ত্রীকে গ্রেপ্তারের আদেশ দিয়েছে অস্ট্রেলিয়ার একটি আদালত। একত্রিশ বছর আগে পূর্ব তিমুরে অস্ট্রেলিয়ার পাঁচ সাংবাদিককে হত্যার ঘটনার তদন্তের কাজে সাক্ষ্য দিতে না আসায় বৃহস্পতিবার তাকে গ্রেপ্তারের আদেশ দেওয়া হয়।
১৯৭৫ সালের অক্টোবর মাসে ইন্দোনেশিয়া যখন পূর্ব তিমুরে আক্রমণ করে তখন ইন্দোনেশিয়ার সাবেক এ তথ্যমন্ত্রী ইউনিস ইয়শফিয়াহ বালিবোতে অস্ট্রেলিয়ার পাঁচ সাংবাদিককে হত্যার আদেশ দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
নিহতদের পরিবারের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ হত্যাকাণ্ডের ব্যাপারে তদন্ত শুরু হয়। কিন্তু তা অমীমাংসিত থেকে যায়। নিউ সাউথ ওয়েলসের ডেপুটি করোনার ডরেল পিন্স জানান, এ তদন্তের কাজে অংশগ্রহণ করে সাক্ষ্য দিতে ইউনিসকে চারটি চিঠি দেওয়া হলেও তিনি সাহায্য করতে অস্বীকৃতি জানান।
আদালত ইউনিসকে গ্রেপ্তারের আদেশ দেওয়ার পর পিন্স বলেন, “ইউনিসকে বাধ্য করা না হলে সম্ভবত তিনি উপস্থিত হবেন না।” তবে পিন্স আরও বলেন, অস্ট্রেলিয়ার বাইরে আদালতের দেওয়া এ আদেশের বৈধতা থাকবে না এবং এ আদেশ দেওয়ার অর্থ এটি নয় যে ইউনিস অপরাধী।
এদিকে ইন্দোনেশিয়ার বিশেষ বাহিনীর সাবেক অধিনায়ক, অবসরপ্রাপ্ত জেনারেল এবং পার্লামেন্টে ইউনাইটেড ডেভেলপমেন্ট দলের বর্তমান সদস্য ইউনিস ২০০১ সালে দেশটির পার্লামেন্টের এক অধিবেশনে বলেন, নিহত পাঁচ সাংবাদিকের সঙ্গে তিনি কখনও দেখেননি এবং তাদের হত্যা করারও আদেশ দেননি।
এ সপ্তাহে সাংবদিকদের তিনি বলেন, অস্ট্রেলিয়ান সমনের উত্তর দেওয়ার কোনো ইচ্ছাই তার নেই। একইসঙ্গে যারা তার বিরুদ্ধে অভিযোগ করেছেন তাদেরকে মিথ্যাবাদী হিসেবেও আখ্যায়িত করেন তিনি।
নিহত এ পাঁচ সাংবাদিক হলেন গ্রেগ শ্যাকেলটন, টনি স্টুয়ার্ট, গ্রে কানিংহ্যাম, ব্রায়ান পিটারস এবং ম্যলকম রেনি।
