২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুবরাজ চার্লসের মন্তব্যে হতাশ ম্যাকডোনাল্ডস

স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উচ্চ ক্যালোরি ও আমিষযুক্ত খাবার বিক্রেতা প্রতিষ্ঠান ম্যাকডোনাল্ডস বন্ধ করে দেওয়া উচিত- ব্রিটিশ যুবরাজ চার্লসের এ ধরনের বক্তব্যে দুঃখ ও হতাশা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2007, 12:47 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

শুকরের মাংস থেকে তৈরি বার্গার বিক্রির জন্য বিখ্যাত ম্যাকডোনাল্ডস তাদের এসব খাবারের জন্য প্রায়ই সমালোচিত হয়ে থাকে।

চলতি সপ্তাহের শুরুতে আবুধাবিতে লন্ডন ডায়াবেটিস সেন্টারের ইম্পেরিয়াল কলেজে এক বক্তব্যে চার্লস বলেছিলেন, ম্যাকডোনাল্ডসের উচ্চ আমিষযুক্ত চটজলদি খাবার বা ফাস্টফুড বন্ধ করে দেওয়া উচিত। কারণ, এসব খাবারের প্রচুর চর্বি ও ক্যালোরি থাকে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

“আপনারা কি ম্যাকডোনাল্ডসে খেয়েছেন? আপনারা কি কখনও এই প্রতিষ্ঠানটি বন্ধ করার চেষ্টা করেছেন? ওটাই হল মূল চাবিকাঠি,” ডায়াবেটিস সেন্টারে পুষ্টিবিদদের বলেন চার্লস।

লন্ডনে ম্যাকডোনাল্ডসের এক মুখপাত্র নিক হিন্ডল এ প্রসঙ্গে ই-মেইলে দেওয়া এক বিবৃতিতে বলেন, “যুবরাজ চার্লস যে মন্তব্য করেছেন তা আমাদের মতে যথার্থ নয়। তার বক্তব্যের সঙ্গে আমাদের খাদ্যতালিকার কোনোটিরই মিল নেই। এছাড়া, আমরা কোথায় এসব খাবার বিক্রি করি তাও তিনি বলেননি।”

ম্যাকডোনাল্ডসের অভিযোগ, চার্লস তাদের সাম্প্রতিক বৈচিত্রময় খাদ্যতালিকার সঙ্গে পরিচিত নন। তারা জানায়, বর্তমান খাদ্যতালিকায় ফল, সবজি, সালাদ ও প্রাকৃতিকভাবে উৎপন্ন দুধ যোগ করা হয়েছে।

অন্যদিকে চার্লসের একজন মুখপাত্র বলেন, “শিশুদের নানা ধরনের, নানা স্বাদের স্বাস্থ্যকর খাবার খাওয়ার ওপর যুবরাজ সবসময় জোর দিয়ে আসছেন। শিশুদের জন্য উচ্চ ক্যালোরিযুক্ত একই ধরনের খাবারে অত্যাধিক আসক্তি স্বাস্থ্যকর নয় বলে তিনি মনে করেন।”

চার্লস বরাবরই কৃত্রিমভাবে নয়, প্রাকৃতিকভাবে উৎপাদিত স্বাস্থ্যসম্মত, সুষম খাবার গ্রহণের পক্ষে প্রচারণা চালিয়ে আসছেন। এ ধরনের খাবার তিনি নিজ এলাকায় উৎপাদন করেন। গত বছরের শেষ দিকে রান্নার ওপর তিনি একটি বই প্রকাশ করেন যেখানে খাদ্যের গুণাগুণবিহীন, বিপুল পরিমাণে উৎপাদিত এবং স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ খাবারের ক্ষতিকর দিক তুলে ধরেছেন। এতে তিনি দেখিয়েছেন, আধুনিক খাদ্য তালিকায় এসব খাবারের দৈনন্দিন উপস্থিতি কীভাবে বদলে নিচ্ছে মানুষের স্বাস্থ্যসম্মত ও সুষম খাদ্যে গ্রহণের অভ্যাস।