২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আস্থা ভোটে জয়ী হয়ে প্রধানমন্ত্রী পদে ফিরলেন রোমানো প্রোদি

আস্থা ভোটে জয়ী হয়ে ইতালির প্রধানমন্ত্রী পদে ফিরেছেন রোমানো প্রোদি। বুধবার সে দেশের পার্লামেন্টে এ ভোট হয়। গত সপ্তাহে সিনেটে পররাষ্ট্র নীতি সংক্রান্ত একটি বিল নাকচ হয়ে গেলে পদত্যাগ করেন প্রোদি।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2007, 11:25 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

ইতালির প্রেসিডেন্ট জিওর্জি নেপোলিটানো এ নিয়ে দুই বার প্রোদিকে আস্থা ভোটে নিজের গ্রহণযোগ্যতা প্রমাণের আহ্বান জানালেন। পার্লামেন্টে প্রোদির পক্ষে ভোট পড়ে ১৬২টি, আর বিপক্ষে পড়ে ১৫৭টি। প্রোদির সরে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লোসকুনির ক্ষমতায় আসার পথ সুগম করবে- এ আশঙ্কা থেকেই পুনরায় ক্ষমতায় আসা বলে মনে করছেন বিশ্লেষকরা।

ভোটের ফলাফলে সন্তোষ প্রকাশ করেন প্রোদি। এর আগে তিনি জানিয়েছিলেন, পুনরায় দায়িত্ব নিলে তিনি নির্বাচনী ব্যবস্থার সংস্কার করবেন।

ক্ষমতায় ফিরে এলেও কতটুকু কাজ তিনি করতে পারবেন, তা নিয়ে এখনও সংশয় রয়ে গেছে। কেননা, ডানপন্থী ও বামপন্থী মিলিয়ে ৯টি দলের সমন্বয়ে  গঠিত জোট নিয়ে ক্ষমতায় আছেন প্রোদি। জোটের সংখ্যাগরিষ্ঠতাও ন্যূনতম, পাশাপাশি এতগুলো দলের মন যুগিয়ে চলাও বেশ কঠিন। বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই ইতালির সবচেয়ে দুর্বল সরকার।

জনমত জরিপও সমর্থন করছে না রোমানো প্রোদিকে। বুধবার প্রকাশিত এক জরিপের ফলাফলে দেখা যায়, ৩৯ শতাংশ ইতালীয় মনে করেন, প্রোদির নতুন এ সরকার কয়েক মাসই টিকতে পারে।  ২২ ভাগের ধারণা এ সরকারের স্থায়িত্ব হতে পারে দেড় থেকে দুই বছর। আর প্রোদি সরকারের সমর্থনে মত দিয়েছেন মাত্র ২৫ শতাংশ ইতালীয়।