২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অড্রে হেপবার্নের গাউনের নিলামের টাকায় বিদ্যালয় হবে পশ্চিম বাংলায়

১৯৬১ সালে অস্কারজয়ী ‘ব্রেকফাস্ট উইথ টিফানি’ চলচ্চিত্রে যে গাউনটি পরেছিলেন অড্রে হেপবার্ন, তাই আশীর্বাদ বয়ে আনছে পশ্চিম বাংলার শিশুদের জন্য। জানানো হয়েছে, বিখ্যাত ওই গাউনটির নিলামে বিক্রির অর্থে সেখানে তৈরি হবে ১৫টি বিদ্যালয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2007, 06:32 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

গত ডিসেম্বরে লন্ডনে নিলামে তোলা হয় ইতালির ডিজাইনারের তোলা কালো রঙের ওই গাউন। ধারণার চেয়ে সাত গুণ বেশি দামে আট লাখ ডলারে বিক্রি হয় সেটি। বিক্রির জন্য গাউনটি দেওয়া হয়েছিল প্রখ্যাত ঔপন্যাসিক দোমিনিক লা পিয়েরের ‘সিটি অফ জয়’ ফাউন্ডেশনকে। সেই লা পিয়েরই বুধবার জানালেন, ওই অর্থ দিয়ে কলকাতাসহ আশপাশের এলাকার শিশুদের জন্য ১৫টি বিদ্যালয় গড়ে দেবেন তিনি।

এ উপলক্ষে দক্ষিণ কলকাতার কেওড়াডাঙ্গা গ্রামে লা পিয়েরের নিজ উদ্যোগে প্রতিষ্ঠিত একটি বিদ্যালয়ে জড়ো হন কয়েক হাজার লোক, যার বেশিরভাগই শিশু। তারা শ্রদ্ধা নিবেদন করেন হলিউডের এক সময়ের তারকা অভিনেত্রী ও পরে ইউনিসেফের শুভেচ্ছা দূত অড্রে হেপবার্নের প্রতি।

লা পিয়ের বলেন, “হেপবার্নের দেখা কখনও পায়নি এসব ছোট ছোট শিশুরা, তার অভিনয়ও দেখেনি এরা। অথচ কী সুন্দরভাইে না তার প্রতি শ্রদ্ধা জানালো তারা!”

ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে বাংলাদেশেও এসেছিলেন অড্রে হেপবার্ন। গিয়েছেন আফ্রিকা, দক্ষিণ আমেরিকাতেও। ১৯৯৩ সালের জানুয়ারিতে মারা যান প্রবাদপ্রতীম এ অভিনয়শিল্পী।