আফ্রিকায় মিত্র বাড়াতে সুদানে আহমাদিনেজাদ
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং মুসলিম দেশ দুটির মধ্যে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে দুদিনের রাষ্ট্রীয় সফরে বুধবার সুদানে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ।
সুদানি প্রেসিডেন্ট ওমর আল বশিরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন আহমাদিনেজাদ। বৈঠক শেষে সুদানি মন্ত্রিপরিষদ সদস্যদের উদ্দেশ্যে যৌথভাবে ভাষণ দিবেন দুই রাষ্ট্রপ্রধান।
আহমাদিনেজাদের এ সফরের সময় বেশ কটি দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করবেন দেশ দুটির কর্মকর্তারা।
এছাড়াও দেশটির ভাইস প্রেসিডেন্ট সালভা কাইয়ির, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট আলি ওসমান মোহাম্মদ তাহা এবং ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গেও দেখা করার কথা রয়েছে আহমাদিনেজাদের।
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরী সম্পর্ক রয়েছে এ দুটি মুসলিম দেশেরই। পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে ক্রমাগত উত্তেজনা বাড়ছে যুক্তরাষ্ট্রের এবং দারফুরে বেসামরিক নাগরিক হত্যাসহ জঙ্গি ইস্যুতে সুদানের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছে মার্কিন প্রশাসনের।
মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি লাতিন আমেরিকাসহ এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক জোরদারের পর এবার আফ্রিকায় নিজের মিত্র বাড়ানোর উদ্যোগ নিলেন ইরানি প্রেসিডেন্ট।
