ইরাকে ‘দীর্ঘমেয়াদে’ স্বল্প সংখ্যক সেনা মোতায়েন রাখা হতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরাকে ‘দীর্ঘমেয়াদে’ মার্কিন সেনা নিয়োজিত রাখার সম্ভাবনার কথা জানালেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস। তবে সেক্ষেত্রে মোতায়েন করা সেনা সংখ্যা হবে অল্প, জানান তিনি।
মঙ্গলবার মার্কিন সিনেটে এ কথা জানান গেটস।
তিনি পরিষ্কার জানিয়ে দেন, ইরাকে স্থায়ীভাবে মার্কিন সেনা মোতায়েন রাখার কোনো ইচ্ছা বা পরিকল্পনা তাদের নেই। তারা কয়েক বছর সেখানে থাকবে। তবে এই সময়সীমা সম্পর্কে গেটস কিছু জানাননি।
ইরাকে দীর্ঘমেয়াদী কার্যক্রমের আওতায় সেনাবাহিনী মোতায়েনের বিষয়টি তুলে ধরে উদহারণস্বরূপ তিনি জার্মানি ও দক্ষিণ কোরিয়ার কথা উল্লেখ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিতে এবং কোরিয়ান যুদ্ধে দক্ষিণ কোরিয়ায় তিন বছর মার্কিন সেনা মোতায়েন রেখেছিল যুক্তরাষ্ট্র।
“উপস্থিতি বজায় রাখার জন্য অল্প সংখ্যক সেনা সদস্য ইরাকে রাখবো আমরা। যেমনটি আমরা আগেও রেখেছি সেসব দেশে যেখানে আমরা যুদ্ধে জড়িয়েছি, যেমন জার্মানি, দক্ষিণ কোরিয়া ও অন্যান্য দেশে।”
গেটস বলেন, প্রেসিডেন্ট বুশ ইরাকে আরও সেনা পাঠালে যদি দেশটিতে ক্রমবর্ধমান জাতিগত দাঙ্গা ও সঙ্কট নিরস এবং আইন - শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনা সম্ভবও হয়, তারপরও ইরাকি বাহিনীর কৌশলগত, যোগাযোগ ও তথ্য আদান - প্রদান সংক্রান্ত সহায়তা দিতে মার্কিন সেনাবাহিনীকে দেশটিতে বেশ কিছুদিন থাকতেই হবে।
