শ্রীলঙ্কায় বিদ্রোহীদের জাহাজে নৌবাহিনীর গোলাবর্ষণ
শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে বিদ্রোহীদের একটি জাহাজে গোলাবর্ষণ করেছে নৌবাহিনী। ধারণা করা হচ্ছে, জাহাজটি তামিল টাইগারদের জন্য অস্ত্র ও গোলাবারুদ নিয়ে যাচ্ছিল।
নৌবাহিনীর মুখপাত্র কমান্ডার ডি কে পি দেসানায়েকে বলেন, “গল বন্দর থেকে প্রায় সাড়ে ৩ শ’ কিলোমিটার দূরে আমরা প্রথম জাহাজটি দেখি। এরপর এটাকে সতর্ক করে দিয়ে গোলা ছুড়লে জাহাজটি থেকেও পাল্টা গোলা ছোড়া হয়। তখন নৌবাহিনী ব্যাপক গোলাবর্ষণ করে।”
গোলার আঘাতে জাহাজটিতে বেশ কয়েকটি বিস্ফোরণ দেখা যায় বলে জানান দেসানায়েকে। এ থেকে ধারণা করা হচ্ছে, জাহাজটি গোলা- বারুদ ভর্তি ছিল।
ঘটনাটি শ্রীলঙ্কার জলসীমায় ঘটে বলে জানান নৌবাহিনীর মুখপাত্র।
নৌ কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজটি ৭০ থেকে ৮০ মিটার দীর্ঘ এবং এটি এখন সাগরে জ্বলছে।
মঙ্গলবার বাত্তিকালোয়ায় কূটনীতিবিদদের ওপর হামলার পরদিনই এ ঘটনা ঘটল। বাত্তিকালোয়ায় বিদ্রোহীদের মর্টার হামলায় যুক্তরাষ্ট্র ও ইতালির রাষ্ট্রদূতসহ বেশ কয়েক জন আহত হন।
