২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক থেকে সেনা প্রত্যাহারের সময়সীমার ঘোষণা চায় বেশিরভাগ আমেরিকান

ইরাক থেকে সেনা প্রত্যাহারের সময়সীমার ঘোষণা চায় বেশিরভাগ আমেরিকান। শুধু তাই নয় ইরাকে নতুন করে সেনা পাঠানো নিয়েও অসন্তষ্ট তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2007, 01:14 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

সোমবার প্রকাশিত এক জনমত জরিপের ফলাফলে এমনই দেখা গেছে। এবিসি এবং ওয়াশিংটন পোস্টের যৌথ উদ্যোগে পরিচালিত এ টেলিফোন জরিপে অংশ নেন যুক্তরাষ্ট্রের ১ হাজার ৮২ জন নাগরিক।

জরিপে অংশ নেওয়া ৫৬ শতাংশের মত, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না ঘটলেও মার্কিন সেনাদের পর্যায়ক্রমে ইরাক ছাড়া দরকার। সেনা প্রত্যাহারের সময়সীমা ঘোষণা চান ৫৩ শতাংশ। এ রায়ের পক্ষে জনমত আগের থেকে ছয় শতাংশ বেড়েছে। গত বছর এ হার ছিল ৪৭ শতাংশ।

যারা ইরাক থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারে সময়সীমা নির্ধারণের পক্ষে তাদের অধিকাংশই এক বছরের মধ্যে সব সেনা প্রত্যাহার করে নেওয়া উচিত বলে মনে করেন। এর মধ্যে আবার অর্ধেক জানান, ছয় মাসের মধ্যে সেনাদের দেশে ফিরিয়ে আনা হলে তারা আরও খুশি হবেন।

৬৪ শতাংশ আমেরিকানই বলছেন ইরাক যুদ্ধের কোনো গ্রহণযোগ্যতা তাদের কাছে নেই। এ হার গত মাসে প্রকাশিত আারেকটি জরিপের চেয়ে ছয় শতাংশ বেশি।

জরিপে অংশ নেওয়া দুই- তৃতীয়াংশ ইরাকে অতিরিক্ত সৈন্য পাঠানোর বিরুদ্ধে তাদের মত দিয়েছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ইরাকি সরকার ব্যর্থ হলে সেখানে সহায়তা হ্রাস করা উচিত বলে সমসংখ্যকের অভিমত।

আবার ৭০ শতাংশ মনে করেন, ইরাকে সংঘাত ও জাতিগত দাঙ্গা নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য ইরাকি সরকারই দায়ী, যুক্তরাষ্ট্র নয়। আর একই সংখ্যক লোকের বিশ্বাস, ইরাক ইস্যুতে বুশের ওপর প্রভাব বিস্তারে সক্ষম হবেন ডেমোক্রেটরা।