২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রাচ্য নিয়ে চতুর্পক্ষীয় বৈঠকের উদ্যোগ জাপানের

মধ্যপ্রাচ্য সংকট উত্তরণে এবার উদ্যোগ নিয়েছে জাপান। এ জন্য জর্ডান, ইসরায়েল, ফিলিস্তিনকে নিয়ে বৈঠকের পরিকল্পনা নিয়েছে তারা। চার জাতির এ বৈঠক মার্চেই বসছে বলে জানিয়েছেন জাপানি পররাষ্ট্রমন্ত্রী তারো আসো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2007, 11:47 AM

Updated : 26 Apr 2022, 02:05 PM

মঙ্গলবার টোকিওতে সংবাদ সম্মেলনে তারো আসো বলেন, “বৈঠকের তারিখ, সময়সূচি এবং বিষয়বস্তু এখনো নির্ধারিত হয়নি। তবে আগামী মাসের ১৪ তারিখে বৈঠকটি আয়োজনের প্রস্তুতি নিচ্ছি আমরা।”

জাপানের সাবেক প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমির প্রস্তাবিত একটি পরিকল্পনা এগিয়ে নেওয়ার অংশ হিসেবেই এ বৈঠকের আয়োজন করা হচ্ছে বলে জানান তারো আসো। ২০০৬ সালে দেওয়া ওই প্রস্তাবে সংকট কবলিত মধ্যপ্রাচ্যে অর্থনৈতিক এবং অন্যান্য সহায়তা বড়ানোর কথা বলা হয়েছিল।

ফিলিস্তিনের পশ্চিম তীরে যৌথ উদ্যোগে একটি কৃষিনির্ভর শিল্প পার্ক নির্মাণেরও পরিকল্পনা রয়েছে জাপানের। এজন্য ব্যক্তি মালিকানার বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে সহযোগিতা চাইতে পারে দেশটি।

ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালনে জাপানর তৎপরতা আগে থেকেই ছিল। ২০০৬ সালের জুলাইয়ে তৎকালীন প্রধানমন্ত্রী কোইজুমি মধ্যপ্রাচ্যও সফর করেন।বর্তমান প্রধানমন্ত্রী শিনজো আবেও চলতি বছরের মাঝামাঝিতে মধ্যপ্রাচ্য সফরে যেতে পারেন বলে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।