২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির বিরোধিতায় কোস্টারিকায় ব্যাপক বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির বিরোধিতায় সোমবার বিশাল বিক্ষোভ হয়েছে কোস্টারিকার রাজধানী সান জোসে। বিষয়টি নিয়ে দেশটির কংগ্রেসে এখনও আলোচনা চলছে এবং এ নিয়ে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2007, 12:51 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

বিক্ষোভের ডাক মূলত দিয়েছিল ছাত্র, কৃষক, শ্রমিক ও পরিবেশবাদী সংগঠনগুলো। তবে তাতে বিভিন্ন স্তরের জনগণের স্বতস্ফূর্ত সাড়া পড়ে। শুধু সান জোসেই সমবেত হয় লাখো জনতা। বিক্ষোভের কারণে গোটা রাজধানী অচল হয়ে পড়ে। বিক্ষোভ হয় অন্যান্য শহরেও। বিভিন্ন স্থানে জনতা সড়ক আটকে দিলে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করে।

ডমিনিকান রিপাবলিক, এল সালভেদর, গুয়াতেমালা, হন্ডুরাস, নিকারাগুয়া, কোস্টারিকা নিয়ে একটি অবাধ বাণিজ্য অঞ্চল গড়ার পরিকল্পনা নিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু ‘সেন্ট্রাল আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট’ নামে এ পরিকল্পনায় প্রথমেই সাড়া দিয়েছে কোস্টারিকা সরকার। তবে এর বিরোধিতা করছে জনগণ।

বিক্ষোভকারীদের আশঙ্কা, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি স্বাক্ষর হলে বেসরকারিকরণের প্রবণতা বাড়বে। ফলে কোস্টারিকার জনগণের সামাজিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে। এতে বড় বড় ব্যবসায়ীরা লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হবেন ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক ও প্রান্তিক পর্যায়ের জনগণ। 

চুক্তির বিষয়টি নিয়ে কংগ্রেসে আলোচনা চলছে। এ বছরের মধ্যেই চুক্তিটি কংগ্রেসে অনুমোদন করাতে চায় সরকার। এ নিয়ে ভোটেও যেতে হতে পারে। তবে সবকিছু পাশ কাটিয়ে সিদ্ধান্ত নিতে পারেন প্রেসিডেন্ট অস্কার এরিয়াস।