ইরান ইস্যুতে সোমবার লন্ডনে ছয় বিশ্বশক্তির বৈঠক
ইরানের ওপর দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব নিয়ে সোমবার লন্ডনে বৈঠকে বসতে যাচ্ছে ছয় বিশ্বশক্তি। এই বৈঠকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য ও জার্মানি অংশ নিচ্ছে। বৈঠকে ইরানের পরমাণু সঙ্কট নিরসনে সর্বোচ্চ কূটনৈতিক কৌশল অবলম্বন করা হবে- অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিরা একথা জানান।
এছাড়া, দ্বিতীয় দফায় ইরানের শীর্ষ সরকারি কর্মকর্তাদের ওপর ভ্রমণ সংক্রান্ত এবং পরমাণু প্রযুক্তি ছাড়াও অন্যান্য ব্যবসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপের বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে। এর আগে অন্যান্য দেশের সঙ্গে ইরানের পরমাণু প্রযুক্তি ও উপকরণ লেনদেনের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
বৈঠকে ইরানের জন্য আলোচনার সব ধরনের পথ খোলা থাকবে, বলেছেন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনিও।
জবাবে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মানুচের মোহাম্মদি বলেছেন, ইরান সবকিছুর জন্যই প্রস্তুত। এমনকি যুদ্ধের জন্যও।
এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ রোববার বলেছেন, পরমাণু জ্বালানি উৎপাদনে সক্ষমতা অর্জনের পথে ‘পিছু হটার’ কোনো সুযোগ নেই তার দেশের।
এর আগে রাইস বলেছিলেন, ‘স্টপ বাটন’ চেপে তেহরানের পরমাণু কার্যক্রমের গতি শিগগিরই থামিয়ে দেওয়া উচিত। নয়তো তা পৌঁছে যাবে তার লক্ষ্যে, অর্থাৎ ইরান পরমাণু বোমা তৈরিতে সক্ষম হবে যা পশ্চিমা বিশ্ব অনেকদিন ধরেই অভিযোগ করে আসছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস এ ধরনের মন্তব্য করার পর আহমাদিনেজাদ এ কথা বলেন।
“এটা আমার কাছে স্পষ্ট যে আমেরিকানরা বিষয়টির কূটনৈতিক সমাধান চায়। রাজনৈতিক, অর্থনৈতিক এবং কূটনৈতিকভাবে ইরান সঙ্কট উত্তরণে সর্বোচ্চ চেষ্টা চালাবো আমরা,” একজন শীর্ষ ব্রিটিশ কর্মকর্তা বলেন।
