২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিন সমস্যার যৌক্তিক সমাধানের ওপর মধ্যপ্রাচ্যের শান্তি নির্ভরশীল: পাকিস্তান

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা নির্ভর করছে ফিলিস্তিন সমস্যার যৌক্তিক সমাধানের ওপর। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে রোববার মধ্যপ্রাচ্য বিষয়ক এক সম্মেলনে এ মন্তব্য করেছেন সেদেশের প্রধানমন্ত্রী শওকত আজিজ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2007, 07:06 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

মধ্যপ্রাচ্য সঙ্কট সমাধানের উপায় নিয়ে আলোচনা করতে পাকিস্তানসহ সাত মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রী ও ইসলামি দেশগুলোর সংগঠন ওআইসির প্রধান এ সম্মেলনে যোগ দেন।

উদ্বোধনী ভাষণে শওকত আজিজ বলেন, “মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে ন্যায়, সমানাধিকার ও ফিলিস্তিন জনগণের ইচ্ছার প্রতি লক্ষ্য রেখে বাস্তবতার নিরিখে এ সমস্যার সমাধান করতে হবে।”

হামাস - ফাতাহ নতুন ঐকমত্যের সরকার একটি সার্বভৌম ও স্থায়ী ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে বলে আজিজ আশা প্রকাশ করেন।

তিনি শান্তিপুর্ণভাবে ও শক্তি প্রয়োগ না করে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট সঙ্কট সমাধানের দাবি জানান।

মুসলিম বিশ্বের বিভিন্ন সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টা গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ইসলাম ও পশ্চিমা বিশ্বের মধ্যে ব্যবধান কমাতে হবে।

“প্রতিক্রিয়াশীলতা ও উগ্রবাদ রুখতে যৌথ কৌশল গ্রহণ করতে হবে,” বলেন তিনি।

ইরাকি জনগণকে নিজেদের ভাগ্য নিয়ন্ত্রণের অধিকার ফিরিয়ে দেওয়ার এবং লেবাননের সার্বভৌমত্ব ও শান্তি রক্ষায় যৌথ প্রচেষ্টা গ্রহণেরও আহ্বান জানান তিনি।

পাকিস্তান সরকার ইসরায়েলকে স্বীকৃতি না দিলেও সেদেশের কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন সময় আলোচনা করেছে। মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টির পেছনে দায়ি বিভিন্ন বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন মুসলিম দেশগুলোর সঙ্গে আলোচনা করেছেন।

এরই ধারবাহিকতায় ইসলামাবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে অংশ নেওয়া বাকি ছয়টি দেশ হল সৌদি আরব, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মিশর ও জর্ডান। এ সম্মলন থেকে সৌদি আরবে ইসলামি দেশগুলোর আরেকটি সম্মেলনের তারিখ নির্ধারণের কথা রয়েছে।