ভারতের মনিপুরে পুলিশ হত্যাকারীদের খুঁজছে সেনাবাহিনী
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় মনিপুর রাজ্যে চোরাগুপ্তা হামলায় শনিবার ১৬ পুলিশ নিহত হওয়ার পর সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে তল্লাশী অভিযান শুরু করেছে সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনীর এক কমান্ডার রোববার জানান, হামলাকারীদের খোঁজে ঘন জঙ্গলে অভিযান চালাচ্ছেন তারা।
রাজ্যসভা নির্বাচনের একদিন পর সেখানে এ ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।
তল্লাশী অভিযান তত্ত্বাবধানকারী ওই ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা বলেন, “হামলাকারীরা চোরাগুপ্তা হামলার জন্য এমন একটি নির্জন স্থান বেছে নিয়েছিল যেখান থেকে তারা সহজেই পালাতে পারে।”
সেনাসদস্যরা হেলিকপ্টারের সহায়তায় পায়ে হেঁটে ঘন জঙ্গলে জঙ্গিদের খোঁজে অভিযান চালাচ্ছে বলে তিনি জানান।
“হামলাকারীদের কোনোভাবেই পালাতে দেওয়া হবে না, কারণ তারা আমাদের অনেক সদস্যকে হত্যা করেছে।”
ইন্ডিয়া রিজার্ভ ব্যাটেলিয়নের সদস্যরা শনিবার রাজ্যের রাজধানী ইম্ফলের ৫০ মাইল দূরবর্তী পার্বত্য তামেংলং জেলায় টহল দেওয়ার সময় জঙ্গলে লুকিয়ে থাকা ৩০ জনেরও বেশি সন্দেহভাজন জঙ্গিরা তাদের ওপর হামলা চালায়। তার টহলদার পুলিশের ওপর গ্রেনেড ছোড়ে এবং পাহারের ওপর থেকে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রের গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলেই ১২ পুলিশ মারা যায়। পরে চারজন মারা যায় হাসপাতালে। পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
