প্রোদিকে প্রধানমন্ত্রীর পদে ফিরতে ইতালীয় প্রেসিডেন্টের আহ্বান
ইতালীর পদত্যাগী প্রধানমন্ত্রী রোমানো প্রোদিকে ওই পদ আবারও গ্রহণের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। শনিবার দুজনের মধ্যে প্রেসিডেন্ট প্রাসাদে বৈঠকের পর প্রোদিকে ওই পদে থাকার এবং পার্লামেন্টে নতুন করে তার প্রতি আস্থা ভোটের আহ্বান জানান প্রেসিডেন্ট জর্জিও নেপলিতানো।
নয় মাস ক্ষমতায় থাকার পর প্রধানমন্ত্রীর পদ থেকে বুধবার পদত্যাগ করেন প্রোদি। পররাষ্ট্রনীতি ইস্যুতে সিনেটে পরাজয়ের পরিপ্রেক্ষিতেই তার এই পদত্যাগের সিদ্ধান্ত। এ ইস্যুতে প্রোদির নেতৃত্বাধীন নয়দলীয় জোটের মধ্যকার বিরোধ দীর্ঘদিনের। তবে তিনি তার পদে আবারও ফিরে আসতে একদিন পরেই জোটের মধ্যবামপন্থীদের সমর্থন নিশ্চিত করেন।
প্রোদির পদত্যাগের পর প্রেসিডেন্ট বৃহস্পতিবার ও শুক্রবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। প্রোদির সমর্থকরা তাকে আরেকবার সুযোগ দেওয়ার আহ্বান জানালেও সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি নতুন নির্বাচনের দাবি জানিয়েছিলেন।
দুদিনের আলোচনার পর প্রোদি পার্লামেন্টে তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে প্রয়োজনীয় ভোট পাওয়ার ক্ষেত্রে অন্তত একজন সিনেটরের ভোট নিশ্চিত পেতে যাচ্ছেন বলে মনে হচ্ছে। তবে তাকে পার্লামেন্টের উচ্চ ও নিু- উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। দুই কক্ষে ভোট হবে দুদিন। আগামী বুধবার থেকে ভোট গ্রহণ শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।
