২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন বিমানবন্দরে বিতর্কিত এক্স-রে স্ক্যানার চালু

মার্কিন বিমানবন্দরে বিতর্কিত এক্স--রে স্ক্যানার চালু করা হয়েছে শুক্রবার। বিমানে ভ্রমণকারীরা কোন প্রকার অস্ত্র কিংবা নিষিদ্ধ কোন কিছু বহন করছে কিনা তা জানার জন্য নতুন ধরনের এ এক্স--রে মেশিনের পরীক্ষামুলক ব্যবহার শুরু করেছে মার্কিন কর্তৃপক্ষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2007, 12:45 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

যুক্তরাষ্ট্রের ফিনিক্স বিমান বন্দরে এ যন্ত্রের ব্যবহার শুরু হয়েছে। ফিনিক্সের স্কাই হারবার আন্তর্জাতিক বিমানবন্দরের একটি চেকপয়েন্টে এ যন্ত্রটি লাগিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রান্সপোর্টেশন সিকিউরিটি এডমিনিস্ট্রেশন (টিএসএ)। ভ্রমণকারীদের শরীরে লুকানো বিস্ফোরক ও অস্ত্র খুঁজে বের করতে পরিধেয় কাপড়ের ভেদ করে তাদের দেহের একটি প্রায় নগ্ন প্রতিরূপ কম্পিউটারের পর্দায় ফুটিয়ে তুলবে এ যন্ত্রটি।

এক্স--রে স্ক্যানার ব্যবহারকে বাস্তবিক অর্থে ‘নগ্ন করে অনুসন্ধান’ করা বলে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্রের প্রাইভেসি গ্রুপ ও সিভিল লিবার্টিস ইউনিয়ন। যন্ত্রটির অসদ্ব্যবহার হতে পারে বলেও মন্তব্য করেছে নাগরিক অধিকার গ্রুপগুলো।

কিন্তু টিএসএ’র কর্মকর্তারা জানিয়েছে এ ধরণের স্ক্যান করে কেবল শরীরের একটি আউটলাইন পাওয়া যায়।

বোস্টনে অবস্থিত আমেরিকান সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানী এটি তৈরী করেছে এবং তা পরীক্ষামূলকভাবে ব্যবহারের জন্য অর্থ দিয়েছে।

ফিনিক্স বিমানবন্দরে দুই থেকে তিন মাস ধরে মেশিনটি পরীক্ষা করা হবে। এরপর এ বছরের শেষ নাগাদ আরো পরীক্ষার জন্য লস এঞ্জেলস এবং নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে এটি ব্যবহার করা হবে।

টিএসএ’র আঞ্চলিক মুখপাত্র নিকো মেলেনডেজ রয়টার্সকে দেওয়া এক সাক্ষাতকারে বলেন,“প্রতিনিয়তই সন্ত্রাসীরা তাদের কার্যক্রম ও যন্ত্রপাতির উন্নয়ন ঘটাচ্ছে। আমাদের উচিত নিজেদের উন্নয়ন ঘটানো।”

এ যন্ত্র ব্যবহারে ভ্রমণকারীদের উপর কোন বাধ্যবাধকতা থাকবে না বলে জানিয়েছে কর্র্র্তৃপক্ষ। যাত্রীরা ইচ্ছে করলে তা ব্যবহার নাও করতে পারে। যারা ব্যবহার করতে চায় তাদেরকে এর সামনে দাঁড়াতে হবে। এরপর একটি আলোক রশ্মি তার মাথা থেকে পা পর্যন্ত চলে যাবে। তখন পাশের একটি ঘরে রাখা কম্পিউটারে তার দেহের একটি ছবি দেখা যাবে। নিষিদ্ধ কিছু পওয়া না গেলে সবুজ বাতি জ্বলবে আর পাওয়া গেলে লাল বাতি জ্বলবে।

গোপনীয়তার প্রশ্নে কর্মকর্তারা জানিয়েছেন কোন ছবিকেই সংরক্ষণ করে রাখার ক্ষমতা ওই কম্পিউটারের নেই।

এদিকে নতুন এ যন্ত্র নিয়ে ভ্রমণকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কারও কারও মনে গোপনীয়তা রক্ষা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।