“ইরাক বিপর্যয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির ব্যর্থতার সবচেয়ে বড় নজির”
ইরাকে বিপর্যয়ের জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির ব্যর্থতাকেই দায়ী করেছেন সে দেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মেডেলিন অলব্রাইট। তার মতে, এ ঘটনা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির সবচেয়ে বড় ব্যর্থতার নজির হিসেবে স্থান পাবে ইতিহাসে।
বৃহস্পতিবার আটলান্টার কার্টার সেন্টারে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেডেলেইন অলব্রাইট। একই অনুষ্ঠানে সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার বলেন, “ইরাক যুদ্ধ এবং যুদ্ধ পূর্ববর্তী নীতির কারণে সারা বিশ্ব এখন আমেরিকাকে ভয়ের চোখে দেখে।”
মেডেলিন অলব্রাইট বলেন, “মানবাধিকারকে গুরুত্ব দেওয়ায় জিমি কার্টারের শাসনকালে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে যে নৈতিকতার জন্ম হয়েছিল প্রেসিডেন্ট বুশ তা ধ্বংস করেছেন। ফলে আমরা নৈতিকতাবোধ হারিয়েছি। হারিয়েছি ভালো কিছু করার ক্ষমতা।”
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থতার দায়ও বুশ প্রশাসনের ওপর চাপিয়েছেন অলব্রাইট। সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, “বুশ প্রশাসনের নীতি ফিলিস্তিন ও ইসরায়েলে শান্তি প্রতিষ্ঠার উপায় খুঁজে বের করতে, এমনকি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে পর্যাপ্ত সহায়তা করতেও ব্যর্থ হয়েছে।”
তার মতে, বিল ক্লিনটনের শাসনকালে যে টুকু অগ্রগতি হয়েছিল সে ধারা রক্ষা করতে তো পারেইনি, উল্টো অনেক সুযোগও হেলায় নষ্ট করেছে বর্তমান প্রশাসন।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরবর্তী প্রেসিডেন্টের দায়িত্ব হবে আমেরিকার ইতিবাচক ভাবমূর্তি পুনরুদ্ধার করে তা বিশ্ববাসীর সামনে তুলে ধরা।
বিল ক্লিনটনের সময়ে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন অলব্রাইট। তিনিই যুক্তরাষ্ট্রের প্রথম নারী যিনি এ পদে অধিষ্ঠিত হন।
