২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ার বালিতে বোমা হামলা নিয়ে নির্মিত চলচ্চিত্র নিষিদ্ধ

ইন্দোনেশিয়ার বালিতে বোমা হামলা নিয়ে নির্মিত একটি চলচ্চিত্র পর্যটন দ্বীপটিতে নিষিদ্ধ করা হয়েছে। প্রাদেশিক চলচ্চিত্র পরিষদের প্রধান বৃহস্পতিবার জানান, ‘পুরনো ক্ষত’ স্মরণ করিয়ে দিতে পারে আশঙ্কায় ‘লং রোড টু হেভেন’ নামে ওই চলচ্চিত্রটি নিষিদ্ধ করা হয়। ২০০২ সালে বড় ধরনের ওই হামলায় ৯২ জন অস্ট্রেলীয় পর্যটকসহ ২০২ জন নিহত হন। গত মাসে চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2007, 06:16 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

বালির প্রাদেশিক চলচ্চিত্র পরিষদের প্রধান গুস্তি নুরাহ বলেন, “এটি যদি বালিতে দেখানো হয়, তবে লোকজন এর মর্মার্থ বুঝবে না। ফলে আবারও সংঘাত ছড়িয়ে পড়তে পারে। একটি নির্দিষ্ট পক্ষের ভেতর এটি ঘৃণার জন্ম দিতে পারে।”

“বালি হামলার স্মৃতি যদি আবারও জেগে ওঠে তাহলে পুরনো ক্ষত নতুন করে জেগে উঠবে, বিশেষ করে ওই হামলার শিকার লোকজনের মধ্যে।”

গত সপ্তাহে গর্ভনরের বাসায় বালির কর্মকর্তা ও বোমা হামলার শিকার লোকজনের আত্মীয়দের চলচ্চিত্রটি দেখানো হয়।

নুরাহ বলেন, “আমরা প্রায় প্রত্যেকেই বালির কোথাও চলচ্চিত্রটি না দেখানোর ব্যাপারে একমত হই।”

এটি দেখানো হলে বালির মূল শিল্প পর্যটন শিল্পও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

ওই চলচ্চিত্রে বিভিন্ন দিক থেকে বালি হামলার ঘটনা বিশ্লেষণ করা হয়। এখানে বালির এক ট্যাক্সিচালকের সাক্ষাতকার রয়েছে যার এক আত্মীয় ওই হামলায় নিহত হন। এছাড়া, যুক্তরাষ্ট্রে ১১ সেপ্টেম্বরের হামলার পর শান্তি খুঁজে ফেরা এক মার্কিনি এবং ওই হামলার জন্য দায়ি হিসেবে পরিচিত জামিয়াহ ইসলামিয়ার এক সদস্যেরও সাক্ষাতকার রয়েছে।

এর আগে গত ডিসেম্বরে ইন্দোনেশিয়া সেদেশে অনুষ্ঠিত চলচ্চিত্র উৎসবে আসা একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন নিষিদ্ধ করেছিল। এতে একজন বোমা হামলাকারীর সাক্ষাতকার ছিল যা সন্ত্রাসী হামলাকে উষ্কে দিতে পারে- এমন যুক্তি দেখিয়া উৎসবে থেকে চলচ্চিত্রটি প্রত্যাহার করা হয়।