মুসলিম অধ্যুষিত দক্ষিণাঞ্চলে শান্তি প্রতিষ্ঠা অগ্রাধিকার পাবে: থাই প্রধানমন্ত্রী
সহিংসতা ও সংঘাত থেকে উত্তরণ এবং শান্তি প্রতিষ্ঠায় থাইল্যান্ডের মুসলিম অধ্যুষিত দক্ষিণাঞ্চলকে অগ্রাধিকার দেবে দেশটির অন্তর্বর্তী সামরিক সরকার। বৃহস্পতিবার একথা জানান প্রধানমন্ত্রী সর্যুদ চুলানন্ত।
“অশান্ত, বিক্ষুব্ধ দক্ষিণাঞ্চলে শান্তি প্রতিষ্ঠাই হবে আমাদের প্রধান লক্ষ্য। এর আগের চারমাস এই বিষয়টাতে আমরা ইতিবাচক কিছু অর্জন করতে পারিনি,” এক সংবাদ সম্মেলনে বলেন চুলানন্ত।
তিনি আরও বলেন, “দক্ষিণের বিভিন্ন প্রদেশে শান্তি প্রতিষ্ঠায় আমরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাব। এটিই হবে এই সরকারের প্রধান কাজ। আমি মনে প্রাণে চাই অতি দ্রুত এসব এলাকায় শান্তি ফিরে আসুক।”
এ প্রসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী বুনরাওদ সোমতাস বলেন, দক্ষিণের জঙ্গিরা যেন ব্যাংককের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঢুকতে না পারে সেজন্য ওইসব জায়গায় সর্বোচ্চ নিরাপত্তা ও কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। তবে এখন পর্যন্ত এসব বিশ্ববিদ্যালয়ে এ ধরনের অনুপ্রবেশের খবর পাওয়া যায়নি, তিনি জানান।
সাংবাদিকদের তিনি বলেন, “আমরা ফার্স্ট আর্মি রিজিয়নকে ব্যাংককের নিরাপত্তার দায়িত্ব দিয়েছি যেন তারা এ জায়গাগুলোর ওপর নজর রাখে।”
“শুধু দক্ষিণেই এই বিক্ষোভ সীমাবদ্ধ নেই। যেকোনো জায়গায় তা ছড়িয়ে পড়তে পারে। আমাদের আরও সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে যেমন ব্যবস্থা নেওয়া হয়েছে ব্যাংককে ইংরেজি নববর্ষের হামলার পরে,” বলেন সোমতাস।
এদিকে, রোববারের সিরিজ বোমা হামলার পর দক্ষিণাঞ্চলের চারটি প্রদেশ- ইয়ালা, নারাথিওয়াত, পত্তনি ও শঙ্খলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সরকার। দক্ষিণাঞ্চলে মুসলমানদের বিক্ষোভ ও বিদ্রোহের সঙ্গে আল কায়েদা বা সন্দেহভাজন জামিয়াহ ইসলামিয়ার কোনো ধরনের যোগসাজশ পাওয়া না গেলেও চান্দ্র নববর্ষের শুরুতে সেখানে সিরিজ বোমা বিস্ফোরণ আন্তর্জাতিক অঙ্গনে থাইল্যান্ডের ভাবমূর্তি নষ্ট হয়েছে। দক্ষিণাঞ্চলের চার প্রদেশের ৩০টি স্থানে বোমা বিস্ফোরণে ছয়জন নিহত ও ৫০ জন আহত হন।
রক্তপাতহীন সামরিক অভ্যুত্থানের পর অক্টোবরে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণ করেন চুলানন্ত। এই চারমাসে বেশ কয়েকবার অশান্ত দক্ষিণাঞ্চল সফর করেছেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাবাত্রার কঠোর নীতির জন্য ক্ষমা চেয়েছেন মুসলিম শীর্ষ নেতাদের কাছে।
এছাড়া, সঙ্কট নিরসনে প্রতিবেশী দেশ মালয়েশিয়ার কাছে সাহায্য চাওয়ার পাশাপাশি মুসলিম বিদ্রোহীদের সঙ্গে খোলামেলা আলোচনার ইচ্ছাও প্রকাশ করেন তিনি।
