২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলে বুশের সফর উপলক্ষে গন্ধক পাঠাবেন শাভেজ

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের ব্রাজিল সফর উপলক্ষে সেদেশের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভাকে গন্ধক পাঠাবেন বলে ঠিক করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2007, 03:29 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

আগামী মাসে লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশ সফর করবেন বুশ। শাভেজের অভিযোগ, এ সময় বুশ লাতিন আমেরিকার ঐক্যে ফাটল ধরাতে এবং কমুনিস্ট অন্য দেশগুলোকে ভেনেজুয়েলার বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলার চেষ্টা করতে পারেন। এছাড়া, শাভেজ মনে করছেন ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করতে সে সময় বিভিন্ন কূটনৈতিক অপকৌশল চালাতে পারেন বুশ।

আর্জেন্টিনার প্রেসিডেন্ট নেস্টর কির্চনার ও শাভেজ বুধবার তেলসমৃদ্ধ আয়াকুচো ব্লক ৬ পরিদর্শনের সময় বুশ সম্পর্কে এ মন্তব্য করেন। এ সময় গন্ধকের একটি ছোট বোতল দেখিয়ে শাভেজ বলেন, বুশের আসন্ন ব্রাজিল সফরের তিক্ত অনুভূতির কথা মনে করিয়ে দিতেই তিনি তার ঘনিষ্ঠ বন্ধু আরেক বামপন্থী নেতা দেশটির প্রেসিডেন্ট লুলাকে গন্ধক পাঠাচ্ছেন তিনি।

“আমি এই বোতলটি লুলাকে পাঠাচ্ছি যাতে ওই ভদ্রলোক (বুশ) যখন আসবেন তখন লুলা যেন তা তাকে দেখাতে পারেন,” হাসতে হাসতে বলেন শাভেজ।  

এর আগে গত বছর শাভেজ জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া এক ভাষণে বুশকে ‘শয়তান’ হিসেব আখ্যায়িত করেন। বুশের ভাষণের পর তাকে ব্যঙ্গ করে শাভেজ বলেছিলেন, ‘সহযোদ্ধা, আমি এ জায়গায় গন্ধকের গন্ধ পাচ্ছি।’

শাভেজের সঙ্গে যুক্তরাষ্ট্রের শত্র“তা দীর্ঘদিনের। মুক্ত বাণিজ্য, গণতন্ত্র, অস্ত্র বিক্রি ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে দুই দেশের মধ্যে তীব্র মতবিরোধ রয়েছে। তবে যুক্তরাষ্ট্রে চতুর্থ বৃহত্তম তেল সরবরাহকারী দেশ হলো তারা।