২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে জাতিসংঘে যাচ্ছে আইএইএ প্রতিবেদন

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বৃহস্পতিবার জাতিসংঘে প্রতিবেদন পাঠাচ্ছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে তেহরানকে বেঁধে দেওয়া সময়সীমা বুধবার শেষ হওয়া সত্ত্বেও দেশটি পরমাণু কর্মসূচি চালিয়ে যেতে বদ্ধপরিকর- এটাই উল্লেখ থাকছে ওই প্রতিবেদনে। আর এর মধ্য দিয়ে ইরানের ওপর জাতিসংঘের আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রই তৈরি হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2007, 02:49 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

ইরান বুধবারও আবারও জানায়, তারা নিজেদের এ কর্মসূচি বন্ধ করবে না। পরমাণু প্রযুক্তি ও উপাদান সরবরাহ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে বিশ্বের ছয় পরাশক্তির নির্ধারিত শর্তে ইরানের ধারাবাহিক প্রত্যাখান আগামীতে দেশটির ওপর নিরাপত্তা পরিষদে কঠিন ও বড় পরিসরে নিষেধাজ্ঞা আরোপের ইঙ্গিত বহন করে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

আইএইএ প্রধান মোহাম্মদ এলবারাদি যুক্তরাজ্যের দৈনিক পত্রিকা ‘ফিনান্সিয়াল টাইমস’কে বলেন, “ইরানের ইউরেনিয়াম ইস্যুতে আমাদের অনেকটা নেতিবাচক প্রতিবেদনই জমা দিতে হয়েছে।”

তবে, সংস্থাটির সঙ্গে সম্পৃক্ত কূটনীতিবিদরা জানান, প্রতিবেদনে পরমাণু বোমা তৈরিতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়ার সুনির্দিষ্ট প্রমাণ বা সমৃদ্ধকরণে সেনাবাহিনীর সম্পৃক্ততার বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস বুধবার বার্লিনে সাংবাদিকদের বলেন, “ইরান আন্তর্জাতিক সম্প্রদায়ের চাওয়াকে গুরুত্ব দেয়নি। এটা খুবই দুর্ভাগ্যজনক। এখন এ নিয়ে আমাদের আলোচনায় বসতে হবে। বিষয়টি নিয়ে কিভাবে এগুনো যায় সে সিদ্ধান্ত নিতে হবে।”

আইএইএর একটি সূত্র জানায়, সংস্থার বোর্ড অফ গভর্নরসের ৫ মার্চের বৈঠকের আগে ইরানের বিষয়টি নিয়ে কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে না জাতিসংঘ। ফলে আলোচনার জন্য ইরান আরও একটু সময় পাচ্ছে বলেই মনে করছেন অনেকে।