২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এ বছর ইরাক থেকে ১,৬০০ সেনা প্রত্যাহার করবে ব্রিটেন

ইরাক থেকে এ বছর ১,৬০০ সেনা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। প্রয়োজনে আগামী বছরও ইরাকে ব্রিটিশ সেনা থাকবে বলে বুধবার পার্লামেন্টকে জানান তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2007, 07:49 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

ব্লেয়ার বলেন, “২০০৭ সালেই ইরাকে বর্তমানে মোতায়েন সাত হাজার ১০০ সেনার মধ্য থেকে ১,৬০০ সেনাকে দেশে ফিরিয়ে আনা হবে। দুবছর আগে দেশটিতে ব্রিটিশ সেনার সংখ্যা ছিল নয় হাজার। আর ২০০৩ সালে ইরাকে ইঙ্গ - মার্কিন জোটবাহিনীর অভিযান শুরুর সময় এ সংখ্যা ছিল ৪০ হাজার।”

“তবে ২০০৮ সালেও সেখানে ব্রিটিশ সেনা থাকবে। যতদিন প্রয়োজন এবং যতদিন পর্যন্ত ইরাকে আমাদের কিছু করার থাকবে ততদিন তারা সেখানে থাকবে।”

ইরাক থেকে সেনা প্রত্যাহারকে যুদ্ধের মাঠে নিজেদের কৌশলগত দুর্বলতা হিসেবে স্বীকার করতে নারাজ ব্লেয়ার। তিনি বলেন, ব্রিটিশ সেনারা ইরাকে সহায়তাকারী হিসেবে থাকবে। তারা ইরাকি বাহিনীকে প্রশিক্ষণ দেবে। এদের অধিকাংশের অবস্থান হবে বসরার বিমান ঘাঁটিতে। ইরাকি বাহিনী প্রাসাদের দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত কিছু ব্রিটিশ সেনা বসরা প্রাসাদে থাকবে। তবে ধীরে ধীরে এদের সংখ্যাও কমিয়ে আনা হবে।

“এভাবে ধীরে ধীরে ইরাকে আমাদের সেনা সংখ্যা কমিয়ে আনা হবে। ইরাকি বাহিনীর হাতে বসরা প্রাসাদের দায়িত্ব তুলে দেওয়ার পর সম্ভবত দেশটিতে আমাদের সেনা সংখ্যা পাঁচ হাজারের নিচে নামিয়ে আনা হবে।”