২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তি প্রতিষ্ঠায় নিজেদের প্রতিশ্র“তি পুনর্ব্যক্ত করল ভারত - পাকিস্তান

শান্তি প্রতিষ্ঠায় নিজেদের প্রতিশ্র“তি পুনর্ব্যক্ত করেছে ভারত ও পাকিস্তান। বুধবার দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রীরা এক বৈঠকের পর একথা জানান। দুদিন আগে ভারতে পাকিস্তানগামী ট্রেনে বোমা হামলায় ৬৮ জন নিহত হওয়া সত্ত্বেও শান্তি প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং এ ঘটনা তদন্তে দুই দেশ যৌথভাবে কাজ করবে বলেও জানান তারা। বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী নিজেদের পরমাণু অস্ত্রভাণ্ডার সম্পর্কিত যেকোনো ধরনের দুর্ঘটনার আশঙ্কা কমাতে একটি চুক্তিও স্বাক্ষর করেন। (আরও তথ্যসহ)

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2007, 04:50 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি বলেন, “পূর্বনির্ধারিত সময়ে এ বৈঠক অনুষ্ঠানের মাধ্যমে দুই দেশের মধ্যে শান্তি প্রক্রিয়ার প্রতি নিজেদের প্রতিশ্র“তির কথাই পুনর্ব্যক্ত হয়েছে।”

দুই দেশের ওপর সন্ত্রাসী হামলা বন্ধে আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিতব্য এক সম্মেলনে নয়াদিল্লি সাম্প্রতিক ট্রেন হামলা সংক্রান্ত তথ্যপ্রমাণ আদানপ্রদান করবে বলেও জানান তিনি।

পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী খুরশিদ মেহমুদ কাসুরি ভারতে ট্রেন হামলার কথা স্মরণ করে বলেন, দুই দেশের যে একসঙ্গে কাজ করা খুবই জরুরি এ হামলা তাই মনে করিয়ে দিয়েছে।

“আমি নিশ্চিত যে আগামী মাসে অনুষ্ঠিতব্য ইসলামাবাদ সম্মেলনের আলোচ্যসূচিতে এ বিষয়টি অন্তর্ভুক্ত হবে।”

“আমাদের দুই দেশের রেল কর্তৃপক্ষকেও নিজেদের মধ্যে যোগাযোগ রাখতে হবে যাতে এসব ঘটনা তাদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করে এবং ভবিষ্যতে এ ধরনের দুঃখজনক হামলা রোধে তারা ব্যবস্থা নিতে পারে।”

দুই দেশের মধ্যে আস্থার সম্পর্ক গড়ে তোলা এবং প্রায় স্থবির হয়ে পড়া শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিতে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ বৈঠকের আয়োজন করা হয়। কিন্তু এর দুদিন আগে ভারতে ট্রেনে হামলা হওয়ায় বৈঠকের আলোচ্যসূচি নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। দেশ দুটি তিন বছর আগে শান্তি আলোচনা শুরু করলেও কাশ্মির নিয়ে বিতর্কের কারণে এ আলোচনায় এখনও পর্যন্ত গুরুত্বপূর্ণ কোনো অর্জন নেই।