পাকিস্তানে প্রাদেশিক মন্ত্রীকে জনসভায় গুলি করে হত্যা
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের এক মন্ত্রীকে জনসভা চলার সময় গুলি করে হত্যা করেছে এক ব্যক্তি। জিল - ই - হুমা নামে ওই নারী মন্ত্রী প্রাদেশিক সরকারে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগের সক্রিয় সদস্য হুমা জনসভায় ভাষণ দিতে ওঠার পরপরই তাকে গুলি করা হয়।
পুলিশ মোহাম্মদ সরওয়ার নামে ওই ব্যক্তিকে সঙ্গেসঙ্গেই গ্রেপ্তার করে।
কর্মকর্তারা জানান, সে রাজনীতিতে নারীদের অংশগ্রহণের বিরোধী এক মৌলবাদী। তবে সে কোনো উগ্রবাদী ইসলামি গ্র“পের সদস্য নয় বলে জানান পাঞ্জাবের আইনমন্ত্রী রাজা বাশারাত।
তিনি আরও জানান, সরওয়ারের বিরুদ্ধে ছয়টি খুনের মামলা রয়েছে। তবে পর্যাপ্ত প্রমাণের অভাবে কোনো মামলাতেই তাকে অভিযুক্ত করা যায়নি।
বাশারাত রয়টার্সকে বলেন, “হুমা বক্তব্য রাখার জন্য ডায়াসের দিকে এগিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তি তার কপালে গুলি করে।”
প্রাদেশিক রাজধানী লাহোর থেকে ৭০ কিমি উত্তরে গুজরানওয়ালায় দলীয় কার্যালয়ের বাইরে ওই জনসভা অনুষ্ঠিত হচ্ছিল।
