নাইজেরিয়ায় প্রেসিডেন্টের আদেশের বিরুদ্ধে আদালতের রায়
নাইজেরিয়ার সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট ওলু সেগুন ওবাসাঞ্জো ভাইস প্রেসিডেন্টের পদ শূন্য ঘোষণা করতে পারেন না। মঙ্গলবার এ কথা জানিয়েছে দেশটির একটি আপিল আদালত।
২০০৬ সালের ডিসেম্বরে প্রেসিডেন্টের মুখপাত্র জানিয়েছিলেন, ভাইস প্রেসিডেন্ট আতিকু আবু বকর বিরোধী দলে যোগ দেয়ায় তার পদ শূণ্য ঘোষণা করেছেন প্রেসিডেন্ট।
মঙ্গলবারের রায়ে বিচারক উমারু আবদুল্লাহি বলেন, “সংবিধান অনুযায়ী ভাইস প্রেসিডেন্টের পদ শূণ্য ঘোষণা করার এখতিয়ার প্রেসিডেন্টের নেই।”
ওবাসাঞ্জোপন্থীদের চাপের মুখে টিকতে না পেরে দলত্যাগে বাধ্য হন আবু বকর। পরে যোগ দেন বিরোধী দল অ্যাকশন কংগ্রেস পার্টিতে। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়। তবে আনীত অভিযোগ খারিজ করে দেয় লাগোসের একটি আদালত।
এপ্রিলে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন আবু বকর।
