২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক, উ কোরিয়া নিয়ে আলোচনা করতে জাপানে ডিক চেনি

ইরাক ও উত্তর কোরিয়া নিয়ে আলোচনার জন্য জাপান সফরে গেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি। মঙ্গলবার টোকিও পৌঁছেন তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2007, 05:02 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

সফরকালে জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে ও পররাষ্ট্রমন্ত্রী তারো আসোর সঙ্গে বৈঠক করবেন ডিক চেনি। মুলত ইরাক ও উত্তর কোরিয়া নিয়েই আলোচনার লক্ষ্যেই মার্কিন ভাইস প্রেসিডেন্টের এ সফর।

ইরাক নীতি নিয়ে জাপানের প্রতিরক্ষামন্ত্রী ফুমিও কিইমার মুখে যুক্তরাষ্ট্রের সমালোচনার কয়েক সপ্তাহের মধ্যেই এ সফরে এলেন ডিক চেনি।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ডিক চেনি ইরাকে অতিরিক্ত সৈন্য মোতায়েনের সিদ্ধান্তের যথার্থতা তুলে ধরবেন জাপানি প্রধানমন্ত্রীর কাছে। তবে নতুন করে সৈন্য পাঠানো কিংবা ইরাকে অর্থ সাহায্যের জন্য জাপানকে অনুরোধ করা হবে কি না, সে বিষয়ে তারা কিছু বলেননি।

জাপান আগেই জানিয়েছে, ছয় জাতি বৈঠকে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী উত্তর কোরিয়াকে জ্বালানি সাহায্য দিতে তারা রাজি নয়। তাদের দাবি, আগে উত্তর কোরীয়দের হাতে জাপানি অপহরণের ঘটনার সমাধান করতে হবে।

জাপানের আশাহি পত্রিকার এক জনমত জরিপে দেখা গেছে, দেশটির অধিকাংশ নাগরিকই তাদের প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছেন।

জরিপে আরও দেখা যায়, ইরাক যুদ্ধ নিয়ে প্রতিরক্ষামন্ত্রীর সমালোচনায়ও সায় রয়েছে ৫৭ ভাগ জাপানির। প্রতিরক্ষামন্ত্রী কিউমা বলেছিলেন, “ইরাক যুদ্ধ শুরু করাটা ছিল মার্কিন প্রেসিডেন্ট বুশের ভুল সিদ্ধান্ত।”

তবে ডিক চেনির সফরসূচিতে কিউমার সঙ্গে বৈঠকের উল্লেখ নেই। এ ব্যাপারে জাপানি প্রতিরক্ষামন্ত্রী বলেন, “অন্য দেশের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে জাপানি প্রতিরক্ষামন্ত্রীর বৈঠকের নজির নেই। কারণ দুজনের কাজের ধরন আলাদা।”

জাপান সফর শেষে ডিক চেনির অস্ট্রেলিয়া যাওয়ার কথা রয়েছে।