২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুয়ানতানামোর বন্দিদের নিয়ে বুশ - হাওয়ার্ড বৈঠক

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জন হাওয়ার্ডের সঙ্গে সোমবার এক বৈঠকে কিউবার গুয়ানতানামো বন্দী শিবিরে আটক সন্দেহভাজন বন্দিদের নিয়ে আলোচনা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2007, 04:21 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র গর্ডন জনড্রো এক বিবৃতিতে জানান, দুই নেতা বন্দিদের প্রশ্নে ‘সম্ভাব্য করণীয়’ নিয়ে আলোচনা করেন। দুজনেই সেখানে বন্দি সম্পর্কিত সবগুলো প্রক্রিয়া আরও সুশৃঙ্খল ও গ্রহণযোগ্য করার ইচ্ছা প্রকাশ করেন।

এছাড়া তারা ইরাক যুদ্ধ ও উত্তর কোরিয়ার সাম্প্রতিক পরমাণু চুক্তি নিয়েও আলোচনা করেন।

ইরাক ও আফগানিস্তান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহযোগিতার জন্য হাওয়ার্ডকে ধন্যবাদ জানান বুশ। এ দুটি দেশে অস্ট্রেলিয়ার ২০০০ সেনা আছে। হাওয়ার্ড জানান,  ইরাকি বাহিনীকে প্রশিক্ষণ দিতে আরও ৭০ জন প্রশিক্ষককে শিগগিরই বাগদাদে পাঠাবে অস্ট্রেলিয়া।

এদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি এ সপ্তাহেই অস্ট্রেলিয়া সফর করবেন বলে কথা রয়েছে। সে সময় গুয়ানতানামো বন্দিশিবিরে আটক অস্ট্রেলিয়ার নাগরিক ডেভিড হিকসের (৩১) বিচার প্রক্রিয়া  দ্রুত শেষ করার বিষয়টি তার কাছে উত্থাপনের পরিকল্পনা রয়েছে হাওয়ার্ডের।

উল্লেখ্য, সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগে হিকসকে পাঁচ বছর আগে আটক করা হয়। তারপর থেকে গুয়ানতানামোয় বন্দি আছেন তিনি।