ভয়াবহ স্মৃতি তাড়া করছে বেঁচে যাওয়া যাত্রীদের
সোমবার বাসায় ফেরার পরও বিস্ফোরণ আর আগুনের লেলিহান শিখা, ট্রেনের দুমড়ে মুচড়ে যাওয়া কম্পার্টমেন্টে আটকে পড়া যাত্রীদের আহাজারি তাড়া করে ফিরছিল তাদের।
ভারত থেকে পাকিস্তানগামী ‘সমঝোতা এক্সপ্রেসের সৌভাগ্যবান যাত্রী তারা। বেঁচে বর্তে পাকিস্তানে ঘরে ফিরেছেন। কিন্তু তাদের চোখ মুখ থেকে তখনও কাটেনি আতঙ্কের ছাপ।
রোববার রাতে ভারতের হরিয়ানা প্রদেশের পানিপথে পাকিস্তানগামী ট্রেনে শক্তিশালী বোমা বিস্ফোরণে ৬৬ জন নিহত হয়। যার অধিকাংশই পাকিস্তানের নাগরিক।
“বাচ্চারা চিৎকার করছিল। ওদের বাঁচানোর জন্য ছুটে যেতে চাইলেও আগুনের জন্য পারছিলাম না” পিটিভিতে এভাবেই নিজের অভিজ্ঞতা বর্ণনা করেন কমলা রঙের শাল পরা এক নারী। তিনি বলেন, “আমরা কোন বিস্ফোরণের শব্দ শুনিনি। কেবল দেখতে পাচ্ছিলাম দাউ দাউ আগুন জ্বলছে।”
বিস্ফোরণে দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রেনটির ভেতরে আটকা পড়েন বহু যাত্রী। আগুন ধরে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিস্ফোরণের অভিজ্ঞতা বলতে গিয়ে কেঁেদ ফেললেন আরেক নারী যাত্রী। আগুনে তার মুখ পুড়ে গেছে।
তার ভাষায়, “রাতে খেয়ে আমরা ঘুমাচ্ছিলাম। ঘুম ভেঙে দেখি আগুন। ভয়াবহ আগুনের ভেতর থেকে কিভাবে বের হব বুঝতে পারছিলাম না। আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও বলে সবাই চিৎকার করছিল।”
অনেকের দেখাদেখি বগি থেকে লাফিয়ে নিজের প্রাণ রক্ষা করেন তিনি।
আশি বছরের নূর মোহাম্মদ বলেন, “চারিদিকে দাউ দাউ আগুন দেখে আতঙ্কে অন্য বগির যাত্রীরাও চিৎকার করছিল।”
ট্রেনটির যে দুটো বগিতে আগুন লেগেছিল তার একটিতে ছিলেন করাচির শাহ মোহাম্মদ। তিনি বললেন, “প্রথমে বিস্ফোরণের শব্দ। তারপর ঘন ধোঁয়ায় ভরে গেল বগি। বিদ্যুৎ-ও চলে গেল এই সময়। আমি আমার ছোটো ছেলেকে কোলে নিয়ে দরোজা খুলে বাইরে লাফিয়ে পড়লাম। আমার দেখাদেখি পরিবারের অন্য সদস্যরাও ঝাঁপিয়ে পড়লো। আমার সামনের সিটের এক ভারতীয় যাত্রী মারাত্মক আহত হন। চোখের সামনে তার চার সন্তান আগুনে পুড়ে মারা গেল। অথচ আমি কিছুই করতে পারলাম না।
