২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতীয়রা

ভয়াবহ বোমা হামলার পর রেলযাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতীয়রা। তারা বলছেন, নিরাপত্তা নিয়ে কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই এ দুঃখজনক ঘটনা ঘটেছে। তাদের আরো অভিযোগ, কর্মকর্তারা যাত্রীদের নিয়ে নয়, ঘুষ নেওয়ার ব্যাপারেই বেশি উৎসাহী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2007, 12:16 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

রোববার রাতে হরিয়ানায় পাকিস্তানগামী সমঝোতা এক্সপ্রেসে দুটি বোমা বিস্ফোরণে মারা যায় ৬৬ জন যাত্রী। আহত হয় অনেকে। হতাহতদের বেশিরভাগই পাকিস্তানি।

২৬ বছর বয়সী মোহাম্মদ রিয়াজ উদ্দিন বলছিলেন, “পুরনো দিল্লি থেকে যখন ট্রেনটি ছাড়ে, তখন স্টেশনে তিল ধারণের ঠাঁই ছিল না। সবাই হুড়োহুড়ি করছিল। তল্লাশি বলে কিছু ছিল না। যে যার মতো করে ঢুকছিল আর বের হচ্ছিল।”

রিয়াজ উদ্দিনের ভাইও ছিলেন সেই ট্রেনের যাত্রী। ভাইয়ের ছবি নিয়ে তিনি বসে আছেন দিল্লি স্টেশনে। যদি কোনো খবর মেলে।

নিরাপত্তার ঘাটতির জন্য পুলিশকেই দুষলেন হাজি নাসিরউদ্দিন। তার অভিযোগ, নিরাপত্তার দিকে তো পুলিশের কোনো দৃষ্টি নেই। ঘুষের টাকায় পকেট ভারী করতেই ব্যস্ত তারা।

তিনি বলেন, “ট্রেনে কে উঠল, কী নিয়ে উঠল, সে দিকে পুলিশের কোনো নজরই ছিল না।”

ভারতের বিরোধী দল বিজেপিও বলছে নিরাপত্তা ঘাটতির কথা। দলের মুখপাত্র প্রকাশ জাভদেকর বলেন, “নিঃসন্দেহে নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি ছিল। দুই দেশের মধ্যে চলমান এ ধরনের রুটে নিরাপত্তা আরো কঠোর করার দরকার।”

নিরাপত্তার বিষয় নিয়ে প্রশ্ন তুলেছে পাকিস্তানও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাসনিম আসলাম বলেন, “ভারতের ভূখণ্ডে নিরাপত্তার দায়িত্ব ভারতীয় কর্তৃপক্ষেরই।”

রেল নিরাপত্তার বিষয়টি নিয়ে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার কথা জানালেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খুরশিদ মেহমুদ কাসুরিও। মঙ্গলবারই ভারত সফরে আসছেন তিনি।

এদিকে সোমবারও দিল্লি স্টেশনে নিরাপত্তা জোরদারের তেমন একটা লক্ষণ দেখা যায়নি। স্টেশনে কয়েক ডজন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও তাদের প্ল্যাটফর্মে শুয়ে বসেই সময় কাটাতে দেখা গেছে।