২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান - ভারত শান্তি প্রক্রিয়া নস্যাত হতে দেওয়া যাবে না : মুশাররফ

ভারতে ট্রেনে হামলার ঘটনায় উত্তেজনা সৃষ্টি করে পাকিস্তান - ভারত শান্তি প্রক্রিয়াকে নস্যাৎ করার সুযোগ দেওয়া হবে না বলে সোমবার জানিয়েছেন পাকিস্তানি প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ। রোববার রাতে নয়াদিল্লী থেকে লাহোরগামী ‘সমঝোতা এক্সপ্রেসে’ ওই বোমা হামলায় ৬৬ জন নিহত হন। পাকিস্তান - ভারত শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ভারতের রাজধানী নয়াদিল্লী থেকে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোর পর্যন্ত ‘সমঝোতা এক্সপ্রেস’ নামের এ বিশেষ ট্রেনটি চালু করা হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2007, 05:29 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

মুশাররফ বলেন, “পাকিস্তান ও ভারতের নেতাদের অবিচল থাকতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে।”

“নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে চলমান শান্তি প্রক্রিয়াকে নস্যাৎ করে হীনস্বার্থ বাস্তবায়নের কোনো সুযোগ আমরা দেব না।”

সব ‘জঘণ্য অপরাধেরই’ একটা পাল্টা প্রতিক্রিয়া আছে উল্লেখ করে পাকিস্তানি প্রেসিডেন্ট বলেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দুই দেশের মধ্যে স্থায়ী শান্তির লক্ষ্যে দ্বিপাক্ষিক সমঝোতা উদ্যোগের নানা সমস্যা সমাধানের উপায়কে দুর্বল না করে বরং আরও শক্তিশালী করবে ।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী খুরশিদ মেহমুদ কাসুরি বলেছেন, ওই বোমা হামলার কারণে ভারতে তার পূর্বনির্ধারিত সফর বাতিল হচ্ছে না।

তিনি বলেন, “শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার কাজে আমি আগামীকালই দিল্লীতে রওনা হচ্ছি।”

গত বছর মুম্বাইয়ে ট্রেনে সিরিজ বোমা হামলাসহ ভারতের বেশ কয়েকটি সন্ত্রাসী ঘটনায় পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর ই তৈয়বার জড়িত থাকার অভিযোগ করে আসছে ভারত।