২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে পাকিস্তানগামী ট্রেনে বোমা হামলা, নিহত ৬৬

নয়াদিল্লী থেকে ৮০ কিলোমিটার দূরে হরিয়ানা প্রদেশের পানিপথ নামক স্থানে রোববার পাকিস্তানগামী একটি ট্রেনে শক্তিশালী বোমা বিস্ফোরণে ৬৬ জন নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2007, 03:00 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

আহত হয়েছে আরও ৫০ জন।

রোববার রাতে নয়াদিল্লী থেকে লাহোরগামী ‘সমঝোতা এক্সপ্রেসে’ শক্তিশালী দুটি বোমা বিস্ফোরণে হতাহতের ওই ঘটনা ঘটে। নিহতদের অধিকাংশই পাকিস্তানের নাগরিক। ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছে ভারত।

এদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান।

রেলগাড়ি থেকে আরো দুটো অবিস্ফোরিত ঘরে তৈরি শক্তিশালী বোমা উদ্ধার করেছে পুলিশ। বোমাগুলো প¬াস্টিকের বড় স্যুটকেসে বৈদ্যুতিক তার দিয়ে পেঁচানো ছিল। এছাড়া, বোমাগুলোর সঙ্গে আটকানো প্ল¬াস্টিকের বোতলে একধরনের তরল পদার্থ পাওয়া গেছে। ট্রেনটিতে আগুন ধরিয়ে দেওয়ার উদ্দেশ্যে এ ‘বিশেষ তরল পদার্থ’ রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।  

রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব সোমবার বলেছেন, “এটা স্রেফ অন্তর্ঘাতী কাজ। মুম্বাইয়ের ঘটনার মতো আরেকটি সন্ত্রাসী হামলা।”

প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মুখপাত্র সঞ্জয় বাড়– বলেছেন “এ বিস্ফোরণ ‘সন্ত্রাসী হামলা’ ছাড়া আর কিছুনা।”    

বিস্ফোরণে দুমড়েমুচড়ে যাওয়া ট্রেনটির ভেতরে অনেক যাত্রী আটকা পড়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকাজ চলছিল।

ট্রেনের জানালা দিয়ে বের হয়ে আসতে পেরেছেন এমন একজন যাত্রী তার ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন, “আমি ভিসা নিয়ে পরিবারসহ ভারতে এসেছিলাম আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা--সাক্ষাত করতে। কিন্তু ঘুণাক্ষরেও কল্পনা করতে পারিনি এটাই আমার পরিবারের শেষ যাত্রা হবে।”  বিস্ফোরণের পর থেকেই তিন ছেলে এবং দুই মেয়ের কোন খোঁজ পাচ্ছেন না পাকিস্তানি নাগরিক তারা চাঁদ।

এর আগে ২০০৬ এর জুলাইয়ে মুম্বাইয়ে সিরিজ বোমা হামলায় নিহত হয়েছিল ১৮৬জন। মুম্বাই হামলায় পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর ই তৈয়বা যুক্ত বলে অভিযোগ করেছে ভারত।