২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাইসকে মক্কা চুক্তির প্রেক্ষাপট ব্যাখ্যা করলেন আব্বাস

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস রোববার রামাল¬ায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে রাইসের কাছে মক্কা চুক্তির প্রেক্ষাপট তুলে ধরেন আব্বাস।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2007, 09:38 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা স্তিমিত হয়ে আসছে-  ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের এ ধরনের মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই ফিলিস্তিনি নেতার সঙ্গে বৈঠকে বসলেন রাইস। সোমবার জেরুজালেমে রাইসের সঙ্গে ওলমার্ট ও আব্বাসের ত্রিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে।

প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে ফিলিস্তিনি নেতা সায়েব এরাকাত সাংবাদিকদের জানান, “অন্তর্ঘাতী সংঘাত বন্ধ ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানোর জন্যই যে মক্কা চুক্তি করা হয়েছে তাই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন মাহমুদ আব্বাস।”

সোমবার রাইস, আব্বাস ও ওলমার্টের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। আব্বাসের সঙ্গে বৈঠকের আগে সোমবারের বৈঠক সম্পর্কে কন্ডোলিৎসা রাইস সাংবাদিকদের বলেন, “ত্রিপক্ষীয় বৈঠক বর্তমান অবস্থা সম্পর্কে আমাদের জানা ও পরস্পরকে বোঝার সুযোগ এনে দিয়েছে। আশা করি এর মধ্য দিয়ে বিদ্যমান শান্তি চুক্তির প্রতি সবার অঙ্গীকার পুনর্ব্যক্ত হবে।”

ওই বৈঠক শান্তি প্রক্রিয়ার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ প্রকাশ করেন মাহমুদ আব্বাসও।

শনিবার ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনির সঙ্গে বৈঠক করেন কন্ডোলিৎসা রাইস। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে রাইস বলেন, “ঐকমত্যের সরকারকে ঘিরে নানা সমস্যা থাকা সত্ত্বেও ইসরায়েল - ফিলিস্তিন দুই পক্ষের জন্য কথা বলার গুরুত্বপূর্ণ সময় এখনই।”

একই দিন ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়, আন্তর্জাতিক শর্ত পূরণে ব্যর্থ হলে ফিলিস্তিনের ঐক্য সরকারকে কোনো ধরনের সহযোগিতা না করতে একমত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাবি¬উ বুশ ও ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। দুই নেতার মধ্যে টেলিফোন সংলাপে এ সমঝোতা হয় বলে জানান ইসরায়েলের এক কর্মকর্তা।